হেরেই চলেছেন মাশরাফিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এখনো দশটা ম্যাচ বাকি আছে’—বরিশাল বুলসের কাছে হারের পর বলেছিলেন মাশরাফি বিন মুর্তজা। টুর্নামেন্ট যতই এগোচ্ছে, কুমিল্লা ভিক্টোরিয়ানসের শিরোপা ধরে রাখার অভিযান ততই কঠিন হয়ে যাচ্ছে। কাল খুলনা টাইটানসের কাছে ১৩ রানে হেরে মাশরাফিদের পথটা পিচ্ছিল হয়ে পড়ল আরও।

টুর্নামেন্টে এখন পর্যন্ত দলকে একটা ভালো শুরু এনে দিতে পারেননি কুমিল্লার ওপেনাররা। কালও ব্যর্থ দলের ওপেনিং জুটি। দুই ওপেনার ফেরার পর আর কোনো বড় জুটিও হয়নি কুমিল্লার। কেভিন কুপার-শফিউল ইসলামের অসাধারণ বোলিংয়ে ১৪৫ রান কুমিল্লার কাছে হয়ে গেছে বিরাট লক্ষ্য। কুপারের ৪ ওভারে কুমিল্লা নিতে পেরেছে ১৬ রান, তাঁর একমাত্র শিকার মাশরাফি। শফিউল ১৯ রানে পেয়েছেন ২ উইকেট। কাল অবশ্য শেষ ওভারের জাদু নিয়ে আসেননি মাহমুদউল্লাহ। পরিস্থিতি বুঝে শফিউলকেই এনেছেন।

প্রথমে ব্যাটিংয়ে নামা খুলনা যেভাবে তেড়েফুঁড়ে শুরু করেছিল, তাতে তাদের রান ১৮০ হওয়াটা কঠিন ছিল না। ১০ ওভার শেষে খুলনার রান ১ উইকেটে ৯২। এরপরও যে খুলনার স্কোর ১৫০ পেরোয়নি সেটি মাশরাফি, নাজমুল হোসেন শান্ত ও সোহেল তানভীরের দারুণ বোলিংয়ের সুবাদেই।

প্রথম ২ ওভারে যদিও মাশরাফি খুব একটা সফল হতে পারেননি, ২২ রানে পেয়েছেন ১টি। দুর্দান্ত গতিতে ছুটতে থাকা খুলনাকে কুমিল্লা অধিনায়ক টেনে ধরেছেন তৃতীয় স্পেলে। মাশরাফির করা ১১ ও ১৩তম ওভারে খুলনা হারিয়েছে ২ উইকেট, তুলতে পেরেছে মাত্র ৪ রান। হঠাৎই নাজমুলকে বোলিংয়ে আনার ফাটকাটাও কাজে লেগেছে। টি-টোয়েন্টিতে প্রথমবারের বোলিং করতে এসে ২ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন এই অফ স্পিনার। এর মধ্যে আছে মাহমুদউল্লাহর উইকেট।

খুলনার রানবন্যা ঠেকাতে পারলেও ব্যাটিং-ব্যর্থতায় পরাজয়টা আর এড়াতে পারেনি মাশরাফির দল।