হেরেও মাথা উঁচু মিসবাহদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বপ্ন দেখিয়েছিলেন পাকিস্তানকে, কিন্তু সেটিকে নোঙর আর     করাতে পারেননি। ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেও তাই আসাদ শফিক ডুবলেন হতাশায়। কাল ব্রিসবেনে l এএফপি
স্বপ্ন দেখিয়েছিলেন পাকিস্তানকে, কিন্তু সেটিকে নোঙর আর করাতে পারেননি। ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেও তাই আসাদ শফিক ডুবলেন হতাশায়। কাল ব্রিসবেনে l এএফপি

শেষ পর্যন্ত আক্ষেপই সঙ্গী মিসবাহ-উল-হকদের। প্রথম ইনিংসে ১৪২ রানে গুটিয়ে যাওয়ার পর কারও দূরতম ভাবনাতেও ছিল না যে পাকিস্তান ব্রিসবেন টেস্টে জয়ের খুব কাছে চলে যাবে। ৪৯০ রানের লক্ষ্যে দুর্দান্ত ব্যাট করে হারল তারা ৩৯ রানে। জিতে গেলে এটি হতো টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। তবে হারের আক্ষেপের সঙ্গে লড়াইয়ের গৌরবটাও থাকছে পাকিস্তানিদের।

প্রথম ইনিংসে যেখানে এক শর নিচেই অলআউট হওয়ার শঙ্কা ছিল, পাকিস্তান সেখানে কীভাবেই না বদলে গেল দ্বিতীয় ইনিংসে! এই ম্যাচে তিন দিনের অস্ট্রেলীয় একাধিপত্যকে চ্যালেঞ্জ করে চতুর্থ দিন শেষে একটু হলেও জয়ের আশা জাগিয়ে তোলে পাকিস্তান। চতুর্থ দিন শেষে ৮ উইকেটে ৩৮২ রান উঠলেও দুটি মাত্র উইকেট নিয়ে বাকি ১০৮ রান তোলাটাকে দুঃসাধ্যই মনে হওয়া স্বাভাবিক। কিন্তু কাল শেষ দিনে এটিকে অর্জনযোগ্যই মনে করাচ্ছিলেন আসাদ শফিক ও ইয়াসির শাহ। তবে বিরতির পর মিচেল স্টার্কের হঠাৎ লাফিয়ে ওঠা বলে শফিক ১৩৭ রানে গালিতে ক্যাচ দিলে ফিকে হয়ে যায় আশা। পাকিস্তান তখন ৪৪৯। আর মাত্র ১ রান যোগ হতেই ইয়াসিরের আউটে শেষ হয়ে যায় পাকিস্তান। দুর্দান্ত একটা ইনিংস খেলে পাকিস্তানকে প্রায় জয়ের তীরে নিয়ে গিয়েছিলেন শফিক। দুর্ভাগ্য যে জয়ের নায়ক হতে পারলেন না।

শফিকের ১৩৭ রানের পাশাপাশি আজহার আলীর ব্যাট থেকে এসেছে ৭১। বেশ কিছুদিন বাজে ফর্ম কাটানো অভিজ্ঞ ইউনিস খান করেছেন ৬৫। পেসার মোহাম্মদ আমিরও খেলেছেন ৪৮ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস। ওয়াহাব রিয়াজের ৩০ আর শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া ইয়াসির শাহর ৩৩ রানের ইনিংসও কপালের ভাঁজ বাড়িয়ে দিচ্ছিল অস্ট্রেলীয়দের।

শফিকের লড়াইটা স্মরণীয় হয়ে থাকবে। ৩৩৪ মিনিট উইকেটে থেকে বল খেলেছেন ২০৭টি। ১৩ চার আর একটি ছয়ে সাজানো তাঁর ১৩৭ রানের ইনিংসটি শেষ পর্যন্ত বিফলই গেছে। তবে পরাজয়ের মধ্যেও নতুন এক কীর্তির কথা ভেবে সান্ত্বনা পেতে পারে পাকিস্তান। গ্যাবায় চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড এখন তাদেরই অধিকারে। এর আগে চতুর্থ ইনিংসে গ্যাবায় সর্বোচ্চ রানের স্কোরটি ছিল ৩৭০।

ব্রিসবেন টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসের সঙ্গে দ্বিতীয় ইনিংসের ব্যবধান ৩০৮ রানের। অস্ট্রেলিয়ার বদান্যতায় প্রথম ইনিংসে ফলোঅনে পড়েও তা করতে হয়নি পাকিস্তানকে। এর আগে ১৯৯৪ সালে রাওয়ালপিন্ডি টেস্টে অস্ট্রেলিয়ার ৫২১ রানের জবাবে ২৬০ রানে গুটিয়ে গিয়ে ফলোঅন করে ৫৩৭ রান করে ম্যাচ বাঁচিয়েছিল পাকিস্তান। এত দিন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টই ছিল পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর সবচেয়ে উজ্জ্বল উদাহরণ। ব্রিসবেনে অসম্ভব এক জয় সেটিকে তো মুছেই দিত। কিন্তু শেষ পর্যন্ত অসম্ভবকে সম্ভব করতে পারলেন না শফিকরা। সূত্র: স্টার স্পোর্টস ২।