হেরেও রেকর্ড কোহলির

সিরিজ বাঁচিয়ে রাখতে হলে দ্বিতীয় ম্যাচটায় জিততেই হতো নিউজিল্যান্ডকে। কলিন মানরোর দারুণ এক সেঞ্চুরিতে সেই কাজটা ভালোভাবেই সেরেছে কেন উইলিয়ামসনের দল। ১৯৭ রানের লক্ষ্যে পৌঁছাতে বিরাট কোহলির ব্যাটেই ভরসা রেখেছিল ভারত। তবে এ যাত্রা দলকে জেতাতে না পারলেও রেকর্ড বইয়ে ঠিকই হানা দিয়েছেন ভারতীয় অধিনায়ক।
গতকালের ম্যাচে ৪২ বলে ৬৫ করেছেন কোহলি। এই ইনিংস দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে উঠে এসেছেন কোহলি। ৫০ ইনিংসে ১ হাজার ৯৪৩ রান করেছেন কোহলি, টপকে গিয়েছেন ১ হাজার ৮৮৯ রান করা শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানকে। এই রান করতে দিলশানের প্রয়োজন হয়েছিল ৮০ ম্যাচ। ৭১ ম্যাচে ২ হাজার ১৪০ রান নিয়ে তালিকার শীর্ষে আছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম।
টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ২০০ বাউন্ডারি (চার) মেরেছেন এই ডানহাতি। তালিকার প্রথম দুজন হলেন দিলশান ও আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ। গতকালের ফিফটির বদৌলতে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭ হাজার রানও পূর্ণ হলো কোহলির। এই রান করতে ২১২টি ইনিংস লেগেছে তাঁর। স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসে ৭ হাজার রান আছে কেবল ক্রিস গেইলের। এ জন্য ১৯২টি ইনিংস খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেই দ্রুততম সময়ে ৯ হাজার রান করার কীর্তি গড়েছেন ভারতীয় অধিনায়ক। এই বছরও আন্তর্জাতিক ক্রিকেটে ২ হাজার রান করলেন কোহলি। পরপর দুই বছর ২ হাজার আন্তর্জাতিক রান করা দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান এখন কোহলি। প্রথমজনের নামটা অনুমান করতে কষ্ট হওয়ার কথা নয়; কোহলিকে যাঁর উত্তরসূরি ভাবা হয়, সেই শচীন রমেশ টেন্ডুলকার। সূত্র: জি নিউজ।
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে শীর্ষ ৫ রান সংগ্রাহক
| রান | ম্যাচ | গড় | সর্বোচ্চ |
ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) | ২১৪০ | ৭১ | ৩৫.৬৭ | ১২৩ |
বিরাট কোহলি (ভারত) | ১৮৯২ | ৫৪ | ৫৪.০৬ | ৯০* |
তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা) | ১৮৮৯ | ৮০ | ২৮.১৯ | ১০৪* |
মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) | ১৮৫৫ | ৬৩ | ৩৪.৩৫ | ১০১* |
শোয়েব মালিক (পাকিস্তান) | ১৮২১ | ৯২ | ২৯.৩৭ | ৭৫ |