হেলমেটে আম্পায়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময় ক্রিকেটে হেলমেট পরারই চল ছিল না। এখন ব্যাটসম্যানরা তো বটেই, ফিল্ডারদের মাথায়ও হেলমেট দেখা যায়। তবে আম্পায়ারদের মাথায় সেটি দেখে থাকলে একটু ভিরমি খেতে পারেন। অস্ট্রেলিয়া ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে কিন্তু এটি এরই মধ্যে দেখা গেছে। গত বুধবার পার্থ স্কর্চার্সের সঙ্গে মেলবোর্ন রেনেগেডসের ম্যাচে হেলমেট পরে মাঠে নেমেছিলেন আম্পায়ার জেরার্ড অ্যাবুড। কিন্তু হঠাৎ করে এই চিন্তা অ্যাবুডের মাথায় এল কেন? টি-টোয়েন্টির মারকাটারি যুগে এখন বল জোরে মারাটাই ব্যাটসম্যানদের মূল লক্ষ্য থাকে। আম্পায়ারদের ঝুঁকিও এতে বেড়ে যায়। অ্যাবুড এটা ভেবেই সিদ্ধান্ত নেন। তবে গত মাসের একটা ঘটনা হয়তো বেশি দাগ কেটেছে তাঁর মনে। ভারতের রঞ্জি ট্রফির একটা ম্যাচে বল মাথায় লেগেছিল আম্পায়ার জন উডের। ওই চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি উড। অ্যাবুডের ভয় পাওয়ার এক শ একটা কারণ আছে! ক্রিকেট অস্ট্রেলিয়া।