হেলসের ছয় বলে ছয় ছক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪৩ বলে ৮৬ রানের ইনিংস খেলার পথে অ্যালেক্স হেলস। নটিংহ্যামশায়ার ব্যাটসম্যান পরশু ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টিতে টানা ৬ বলে মেরেছেন ছক্কা l গার্ডিয়ান
৪৩ বলে ৮৬ রানের ইনিংস খেলার পথে অ্যালেক্স হেলস। নটিংহ্যামশায়ার ব্যাটসম্যান পরশু ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টিতে টানা ৬ বলে মেরেছেন ছক্কা l গার্ডিয়ান

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে অ্যালেক্স হেলসকে না দেখে চোখ কপালে উঠেছিল অনেকের। ৫০ ওভারের ক্রিকেটে নেই ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান! পরশু বিশ্বকাপে উপেক্ষিত সেই হেলসের বিধ্বংসী রূপ দেখল ইংলিশ দর্শকেরা। এবারের ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টির উদ্বোধনী দিনে বার্মিংহামের বিপক্ষে টানা ছয় বলে ছক্কা মেরেছেন নটিংহ্যামশায়ারের এই ব্যাটসম্যান।
হেলসের ৩৬ রান অবশ্য এসেছে ২ ওভার মিলিয়ে। ২৬ বছর বয়সী ব্যাটসম্যান প্রথম তিনটি ছক্কা মেরেছেন ইনিংসের দ্বাদশ ওভারের শেষ তিন বলে পেসার বয়েড র্যাঙ্কিনকে। পরের ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইক পেয়ে আবারও টানা তিন ছয়—এবার হেলসের শিকার অফ স্পিনার আতিক জাভিদ। ৫ চার ও ৮ ছয়ে হেলসের ৪৩ বলে অপরাজিত ৮৬ রানেই ১৪২ রানের লক্ষ্য ১৪.৩ ওভারেই পেরিয়ে যায় নটিংহ্যামশায়ার।
ক্রিকেট ইতিহাসে ২ ওভার মিলিয়ে টানা ছয়টি ছক্কা আর কেউ মেরেছেন কি না জানা যায় না। তবে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা মারার কীর্তি আছে মাত্র পাঁচটি। ১৯৬৮ সালে ইংলিশ কাউন্টিতে ওয়েস্ট ইন্ডিজের স্যার গারফিল্ড সোবার্স গ্ল্যামরগনের ম্যালকম ন্যাশের এক ওভারে ৬টি ছয় মারেন। সোবার্স খেলেছিলেন নটিংহ্যামশায়ারের হয়ে।
১৬ বছর পর রঞ্জি ট্রফিতে সোবার্সের কীর্তি স্পর্শ করেন মুম্বাইয়ের ব্যাটসম্যান রবি শাস্ত্রী। ওয়ানডেতে ছয় বলে ছয় ছক্কার একমাত্র কীর্তি হার্শেল গিবসের—২০০৭ বিশ্বকাপে হল্যান্ডের বিপক্ষে। একই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা মারেন ভারতের যুবরাজ সিং। পঞ্চম ঘটনাটি ইংল্যান্ডের জর্ডান ক্লার্কের, ২০১৩ সালে ল্যাঙ্কাশায়ার ও ইয়র্কশায়ারের দ্বিতীয় একাদশের এক ম্যাচে। ক্রিকইনফো, বিবিসি।