হেলসের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিশ্ব রেকর্ড
ইংল্যান্ডের ইনিংসটা সবে ৩৩ ওভার পেরিয়েছে। আর এরই মধ্যে কিনা ১৫০ রান হয়ে গেছে অ্যালেক্স হেলসের। ইংলিশ ব্যাটসম্যান যেভাবে খেলছিলেন, মনে হচ্ছিল ওয়ানডের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটাই না ভেঙে যায়!
হেলস নতুন রেকর্ড গড়লেন ঠিকই। তবে বিশ্ব রেকর্ড নয়, ইংলিশ রেকর্ড। রবিন স্মিথের ২৩ বছরের পুরোনো ১৬৭ রানের রেকর্ড ভেঙে হেলস ফিরলেন ১৭১ রানে। ১২২ বলের ইনিংসে ২২ চার ও ৪ ছক্কা। দ্বিতীয় উইকেটে হেলসের সঙ্গে ২৪৮ রানের জুটি গড়া রুট ৮৬ বলে করেছেন ৮৫। আর তাতেই পাকিস্তানকে নাজেহাল করে বিশ্ব রেকর্ড গড়ল ইংল্যান্ড। ৫০ ওভারে ৩ উইকেটে ৪৪৪ রান, ওয়ানডেতে যা দলীয় সর্বোচ্চ! ২০০৬ সালে হল্যান্ডের বিপক্ষে ৪৪৩ রান করে এতদিন যে রেকর্ডের মালিক ছিল শ্রীলঙ্কা।
হেলস সেঞ্চুরি করেছিলেন ৮৩ বলে। সেঞ্চুরি থেকে ১৫০ পর্যন্ত যেতে খেলেছেন মাত্র ২৭ বল। প্রথম ১০ ওভারে ৬৪ রান করেছিল ইংল্যান্ড, শেষ ১০ ওভারে ১৩৫! হেলসের পর শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেছেন জশ বাটলার (৫১ বলে অপরাজিত ৯০) ও অধিনায়ক এউইন মরগান (২৭ বলে অপরাজিত ৫৭)।
রেকর্ড গড়তে পারতেন ওয়াহাব রিয়াজও। সেটি অবশ্য লজ্জার। ১০ ওভারে ১১০ রান দিয়েছেন। ২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার মিক লুইস দিয়েছিলেন ১১৩ রান। ওয়ানডেতে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড হিসেবে সেটিই টিকে রইল। জোহানেসবার্গের ওই ম্যাচেই অস্ট্রেলিয়ার ৪৩৪ রান সফলভাবে তাড়া করে দক্ষিণ আফ্রিকা (৪৩৮) বিশ্ব রেকর্ড গড়েছিল। গতকাল জিততে হলে তাই পাকিস্তানকেও গড়তে হতো নতুন বিশ্ব রেকর্ড! এ প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের রান ছিল ১৯ ওভারে ৫ উইকেটে ১২০।