হেলায় করিল আফ্রিকা-জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুরন্ত তামিম–সৌম্যের কাছেই হেরে গেল দক্ষিণ আফ্রিকা।
দুরন্ত তামিম–সৌম্যের কাছেই হেরে গেল দক্ষিণ আফ্রিকা।

সবচেয়ে ভদ্র ক্রিকেটারের প্রতিযোগিতা হলে হাশিম আমলা আর ড্যানিয়েল ভেট্টোরির মধ্যে দারুণ প্রতিযোগিতা হবে। এবং তাতে বোধ হয় আমলাই জিতবেন। একের-ভিতর-দুই পরাজয়ের শোক সামলে আমলা অভিনন্দন জানালেন মাশরাফিকে। টুপিটা পুরো খুললেন না। খুললে ‘হ্যাটস অফ’ শব্দজোড়া লিখে ফেলা যেত। তবে সব দৃশ্য অভিনীত হয় না। কিছু দৃশ্য কল্পনার চোখে দেখে নিতে হয়।
পাকিস্তান অধিনায়ক আজহার আলী কি টুপি খুলেছিলেন? কিংবা ভারতের মহেন্দ্র সিং ধোনি? না খুললেও পাকিস্তান-ভারতের পর এবার আরেক ‘বড়’ দল ‘টুপি খোলা’ অভিনন্দনই জানাল বাংলাদেশ। চট্টগ্রাম সিরিজের শেষ ম্যাচটি ৯ উইকেটে জেতার পাশাপাশি সিরিজও জিতে নিল বাংলাদেশ। ব্যাট হাতে আবারও নায়ক সৌম্য সরকার। গত ম্যাচে অপরাজিত ৮৮-এর পর আজ দুই বেশি যোগ করে নড়বড়ে নব্বইয়ে কাটা পড়লেন। ভালো খেলতে খেলতে এমন একটি বলে আউট, ভাষ্যকারদেরও ঘটনাটি বুঝতে বেশ কয়েক সেকেন্ড পার হয়ে গেল, “ওহ হি’জ আউট, ডাজন্ট হি?”
একটুর জন্য প্রথমবারের মতো দশ উইকেটে জেতা হলো না বাংলাদেশের। তবে বল পড়ে রইল ৮৩টি। যে উইকেটে দক্ষিণ আফ্রিকার রান তুলতে হাঁসফাঁস, সেখানে বাংলাদেশ ওভারে ছয়ের ওপর রান করে জিতে নিল ম্যাচটি। তামিমও খেললেন মুগ্ধতা-জাগানিয়া ৬১ রানের ইনিংস। তবে সেটিকে কিছুতেই ‘পাল্টা জবাব’ লেখা যাচ্ছে না। কয়েকটি ম্যাচে খারাপ খেললেই যে শোরগোল ওঠে, তাতে সমর্থকদের গোল্ডফিশ মেমরি শুধু নয়, তামিমের আউট হওয়ার ধরনও দায়ী। একটু ধরে খেললে তামিম কী খেলতে পারেন, সেটা তিনি নিজেই আজ দেখালেন। তামিম উদযাপনেও ছিলেন পরিমিত। চাইলে এর মধ্যেও বার্তা খুঁজে নিতে পারেন, ‘আমি শান্ত হচ্ছি, আপনারাও হন প্লিজ!’
টানা চারটি সিরিজ জয়। এর মধ্যে তিনটিই ক্রিকেট বিশ্বের সমীহ জাগানো দল। দুটো তো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। আরেকটি দল কেন বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি, সেটা ক্রিকেটের এক অমীমাংসিত রহস্য।
সেই জয়টাও এল কীভাবে? টানা চারটি আন্তর্জাতিক ম্যাচ হারের চাপ সামলে। সেই জয়টাও এল কীভাবে? একটাতে দক্ষিণ আফ্রিকাকে ১৬২ রানে অলআউট করে সাত উইকেটে। আজ ১৬৮তে আটকে ১৪ ওভারের মতো হাতে রেখে। একদা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা করিল জয়, সেই বাংলাদেশের জয়ের জাহাজ পৌঁছে গেল আফ্রিকা মহাদেশেও। সেই জাহাজের হাল যদি মাশরাফি-সাকিবদের মতো সিনিয়ররা কষে ধরে থাকেন তো পাল তুলেছেন সৌম্যর মতো নতুন বাংলাদেশের রানাররা। রানার ছুটছে খবরের বোঝা হাতে। আট কলামের ব্যানার হেডিংয়ে ছাপানো খবর: ‘শাবাশ বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়’।
সৌম্যর কথা আলাদা করে বলতেই হবে। ৭৫ বলে খেলা ৯০ রানের ইনিংসটায় ১৩টি চার। একটি ছক্কা মেরেছেন, পুল করে মরনে মরকেলকে ডিপ মিডউইকেটের ওপর দিয়ে আছড়ে ফেলা। তবে ছক্কাটির চেয়েও বেশি মুগ্ধতা ছড়াল একটি চার। কাইল অ্যাবটের বাউন্সার কাঁটা কম্পাস দিয়ে মেপে কিপারের মাথার ওপর দিয়ে পাঠালেন, ধনুকের মতো পিঠটাকে বাঁকিয়ে, ছুটে আসা বলকে ব্যাটের আলতো ছোঁয়ায়, কী অনায়াসে! এ এক নতুন বাংলাদেশ! যে বাংলাদেশ সিরিজ জেতার পরও আর উল্লাস করে না। স্টাম্প নিয়ে খানিকটা কাড়াকাড়ি হয় বটে। তাতে তামিমদের কী দোষ। ক্রিকেট যে ‘মাত্র’ ছয়টি স্টাম্প দিয়ে খেলা হয়, সেই নিয়ম তো আর তাঁরা করেননি।
হ্যাঁ, ম্যাচ শেষে তামিমকেই স্টাম্প নিতে একটু বেশিই ব্যাকুল মনে হলো। এই ম্যাচটাকে যেন আজীবন মনে রাখতে চান। কেন? এটাই হতে পারে ২৭-এ পা দিয়ে ফেলা তামিমের নতুন ‘ম্যানুয়াল বুক’। ৩৫ বলে ২৩ এল, সেটিও মাত্র দুটি চারে। শেষ পর্যন্ত ৭৭ বলে ৬১ রানে অপরাজিত। সাতটি চার। ১৫৪ রানের উদ্বোধনী জুটিতেই খেলা শেষ। গত ম্যাচে মাহমুদউল্লাহকে নিয়ে রেকর্ড জুটি গড়েছিলেন। আজও সৌম্য তামিমকে নিয়ে ভাঙলেন সেই জুটির রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেকোনো উইকেটে বাংলাদেশের রেকর্ড জুটি। ইদানীং বাংলাদেশের সবচেয়ে ভঙ্গুর জিনিস নাম বোধ হয় রেকর্ড! দুদিন পর পর নানা রকম রেকর্ড ভাঙছে। কারণ বাংলাদেশ এখন প্রতি​নিয়ত আগের চেয়ে একধাপ এগিয়ে যেতে পণ করেছে, চোয়ালবাঁধা প্রতিজ্ঞা।
বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সোনালি এই সময়টাকে এক শব্দে হয়তো এভাবেই বোঝানো যায়: জজজ-য়য়য়! তাতে মোর্স কোডের টরে-টক্কার দুর্বোধ্যতা খুঁজে পেতে পারেন। কিংবা একটুতেই অনেকে বুঝেতে নিতে পারেন, জয় লিখতে তিনটা করে ‘জ’ আর ‘য়’ কেন লেখা। একটি করে ‘জ’ পাকিস্তান-ভারত-দক্ষিণ আফ্রিকার জন্য। একটি করে ‘য়’ও। বলতে পারেন, জিম্বাবুয়ে কী দোষ করল? টানা চারের প্রথমটা তো তাদের হারিয়েই। সমস্যা হলো, জিম্বাবুয়ের পাতে এমন নৈবদ্য দিলে মাশরাফিরাই না অনুযোগ করে বসেন!
জিম্বাবুয়েকে খাটো করা উচিত নয়। বাংলাদেশের ক্রিকেটের দুঃসময়ে তারা সব সময়ই পাশে ছিল। ‘ব্যস্ততা’র কারণে বড়টা বাংলাদেশকে ‘দুধ-ভাত’ হিসেবে কালেভদ্রে একটা-দুটো সিরিজে ডাকত যখন, জিম্বাবুয়েই খেলে গেছে একের পর এক দ্বিপক্ষীয় সিরিজ। কিন্তু পুরোনো বন্ধুকে বিদায় বলে সামনে এগিয়ে যাওয়ার সময়ও এসে গেছে।
এ এমন এক সময়, যেখানে ডেল স্টেইন ‘সংশোধনী’ দিয়ে টুইট করতে পারেন। শুধু একটা শব্দই যথেষ্ট হবে তাঁর জন্য-‘স্যরি!’