হেলিকপ্টারে করে হাসপাতালে রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেএসপিতে কাল শেখ জামালের ইনিংসের ৪৫তম ওভারে ঘটেছে ঘটনাটা। দ্রুত ১ রান নিতে চেয়েছিলেন আবদুর রাজ্জাক। রানআউট থেকে বাঁচতে গিয়ে শেখ জামাল ধানমন্ডির অধিনায়ক পড়ে যান উইকেটের ওপর। আর উঠে দাঁড়াতে পারেননি। দ্রুত তাঁকে স্ট্রেচারে করে আনা হয় মাঠের বাইরে। সেখান থেকে হেলিকপ্টারে করে সরাসরি অ্যাপোলো হাসপাতালে।
চোট নিয়ে রাতে মুঠোফোনে রাজ্জাক বললেন, ‘পিছলে পড়ে গেছি, বুটের স্পাইক ধরেনি। ঊরুর মাংসপেশি আর হ্যামস্ট্রিংয়ে ইনজুরি। এখনো রিপোর্ট হাতে পাইনি। মনে হচ্ছে গ্রেড-২-এর চোট। সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ তো লাগবেই।’
একজন খেলোয়াড় চোট পেয়ে মাঠ থেকে হাসপাতালে যেতেই পারেন। তবে রাজ্জাককে নিয়ে কৌতূহল সৃষ্টির কারণ আসলে হেলিকপ্টার। তাঁর চোট পাওয়ার খবর শুনে নয়, হেলিকপ্টার আগে থেকেই বিকেএসপিতে ছিল। নিজেদের দলের খেলা দেখতে কদিন আগে ফতুল্লায় হেলিকপ্টার নিয়ে যান শেখ জামাল ধানমন্ডির চেয়ারম্যান সাফওয়ান সোবহান। কাল বিকেএসপিতেও তিনি গেছেন একইভাবে। রাজ্জাক চোট পেলে পরে ওই হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে ‘এয়ার অ্যাম্বুলেন্স’ হিসেবে!