হেসেখেলে জিতল গাজী
নিয়মিত মাঠে থাকেন, এমন একজন খুব বিরক্তি প্রকাশ করলেন ভিক্টোরিয়া ক্লাবের ওপর, ‘এটা কোনো টিম করছে ওরা! তিন-চারজন ছাড়া আর একটা খেলোয়াড়ও চিনি না।’ এক আম্পায়ার ভিক্টোরিয়ার জন্ম ১৯০৩ সালে শুনে রীতিমতো বিস্মিত, ‘এত পুরোনো একটা ক্লাব এভাবে নিচে নেমে যাচ্ছে!’
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে তবু কিছুটা লড়েছিল ভিক্টোরিয়া। হারলেও তুলেছিল ২০৯ রান। কিন্তু কাল ফতুল্লায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের সামনে দাঁড়াতেই পারল না শিথিল শরীরী ভাষার দলটা! ১৭৮ রানের মামুলি লক্ষ্য দিয়ে হেরেছে ৮ উইকেটে। নাসির হোসেনের দলের সামনে তখনো পড়ে ছিল ১৮ ওভার ৪ বল।
নাসিরের ‘ফিনিশার’ পরিচয়টা মূলত বড় ম্যাচের জন্য প্রযোজ্য। তবে কাল গাজীর অধিনায়ক দেখালেন, সহজ ম্যাচকে আরও কত সহজে ‘ফিনিশ’ করে দেওয়া যায়। ওপেনিং জুটিতে ১০১ রান করে পর পর দুই ওভারে বিদায় নেন এনামুল হক (৫০) ও জহুরুল ইসলাম (৫২)। বাকি কাজটুকু শেষ করতে নাসির ও মুমিনুল হক নিয়েছেন আর মাত্র ১০ ওভার ৫ বল! অফ স্পিনার মেহেদী মাহবুবের করা ৩১তম ওভারেই তো দুজন মিলে নিলেন ১৯! প্রথম বলে লং অন দিয়ে মুমিনুলের বিশাল ছক্কা। পরের বলে ১ রান নিয়ে প্রান্ত বদল। এরপর নাসিরের ব্যাট থেকে পর পর তিনটি ঝলমলে বাউন্ডারি। পরের ওভারে বাঁহাতি স্পিনার মঈনুল ইসলামকে আরেকটি চার মেরে জয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন নাসির।
ফতুল্লার নিষ্প্রাণ উইকেটেও বোলাররা বেশ সাফল্য পাচ্ছেন। পরশু প্রাইম দোলেশ্বরের আরাফাত সানি নিয়েছেন ৪ উইকেট। কাল পারভেজ রসুলও পেলেন ২৮ রানে ৪ উইকেট। তাঁর দুর্দান্ত বোলিংয়ে একসময় দেড় শর মধ্যে অলআউট হয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল ভিক্টোরিয়া শিবিরে। কিন্তু ১৪৮ রানে নবম উইকেট পড়ার পর শেষ উইকেটে ২৯ রানের জুটি হয়েছে আশিকুজ্জামান ও মাহবুবুল আলমের মধ্যে।
শেষ বিকেলে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি হাতে উচ্ছ্বাস পারভেজ রসুলের চেহারায়, ‘দলের হয়ে অবদান রাখতে পারলে সব সময়ই ভালো লাগে। আমার বেশি ভালো লাগছে দুটি ম্যাচ খেলে দুটিতেই ম্যান অব দ্য ম্যাচ হওয়ায়।’ কিন্তু এমন মরা পিচে উইকেটের ফুল ফোটালেন কীভাবে? পারভেজ আবার হাসেন, ‘উইকেট আসলেই অনেক ফ্ল্যাট। তাই শুরুতেই ঠিক করলাম স্টাম্প সোজা বল করব। একটু লো বাউন্স দেব। খেয়াল করলে দেখবেন, আমার উইকেটগুলোর মধ্যে দুটিই এলবিডব্লু আর একটি বোল্ড।’
ক্রিকেট শুধু টেকনিকের খেলা নয়, বুদ্ধিরও খেলা।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান-কলাবাগান, বিকেএসপি-৪
মোহামেডান: ৫০ ওভারে ৩০৭/৯ (তামিম ১৫৭, শামসুর ৩৮; সানজিত ৪/৫২, মুক্তার ২/৩০, নাবিল ২/৪৪)। কলাবাগান: ৫০ ওভারে ২৮৩/৯ (মাসাকাদজা ৬৮, তুষার ৬৪, আশরাফুল ৪৬, মুক্তার ৩৮*; কামরুল ৩/৬৯, মিরাজ ২/৫৬)।
ফল: মোহামেডান ২৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: তামিম ইকবাল।
ভিক্টোরিয়া-গাজী গ্রুপ, ফতুল্লা
ভিক্টোরিয়া: ৪৮.৪ ওভারে ১৭৭ (উত্তম ২৯; পারভেজ ৪/২৮, হায়দার ২/১৯, আলাউদ্দিন ২/৩১)। গাজী গ্রুপ: ৩১.২ ওভারে ১৮১/২ (জহুরুল ৫২, এনামুল ৫০, নাসির ৪১*, মুমিনুল ৩০*; সানি ১/২২)।
ফল: গাজী গ্রুপ ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: পারভেজ রসুল।
প্রাইম ব্যাংক-খেলাঘর, বিকেএসপি-৩
প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ৩০৭/৬ (আল আমিন ১০৬*, জাকির ৫০, সৌম্য ৩৯, সাব্বির ৩৬, চাঁদ ৩২; শামসুল ২/৬২, ডলার ২/৬৭)। খেলাঘর: ৪৭.১ ওভারে ২৪৮ (নাজমুস ৫৬, সালাউদ্দিন ৪১, অমিত ৩৯, মাসুম ৩১, নাজিমউদ্দিন ৩০; নাহিদুল ২/৩১, রুবেল ২/৩৫, চাঁদ ২/৩৫)।
ফল: প্রাইম ব্যাংক ৫৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আল আমিন।