হেসেখেলে জয় অস্ট্রেলিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাঞ্জেলো ম্যাথুস গায়ে চিমটি কেটে দেখতেই পারেন, এটা ক্রিকেট ম্যাচ, নাকি স্রেফ দুঃস্বপ্ন? অস্ট্রেলিয়ার সঙ্গে কাল সিরিজের চতুর্থ ওয়ানডেতে দল হেরেছে, তার ওপর শরীরে একের পর এক আঘাতও সইতে হয়েছে শ্রীলঙ্কান অধিনায়ককে।

১৩তম ওভারে পেসার স্কট বোল্যান্ডের বল লাগল ম্যাথুসের হেলমেটের পেছনের অংশে। ব্যথা সারিয়ে উঠে যা-ও ব্যাট করতে লাগলেন, ২৭তম ওভারে টান পড়ল ডান পায়ের মাংশপেশিতে। এবার লম্বা বিরতি। চিকিৎসা শেষে নামলেন ৪৮তম ওভারে, তখন ১৯৯ রানে পড়ে গেছে দলের ৮ উইকেট।

এত আঘাত সয়েও দলকে দুর্দশা থেকে বের করতে পারলেন না ম্যাথুস। ব্যক্তিগত ৪০ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হলেন ইনিংসের শেষ বলে, শ্রীলঙ্কাকে মাত্র ২১২ রানের পুঁজি দিয়ে; যা ৬ উইকেট আর ১৯ ওভার হাতে রেখেই টপকে গেল অস্ট্রেলিয়া। হেসেখেলে ম্যাচের পাশাপাশি ওয়ানডে সিরিজটাও জিতে নিল ডেভিড ওয়ার্নারের দল (চার ম্যাচ শেষে ৩-১)।

দুই দলের দুই ওপেনার দুর্দান্ত ব্যাটিং করেছেন। তবে টসজয়ী শ্রীলঙ্কার হয়ে ধনঞ্জয়া ডি সিলভা যদি খেলেন ৭৬ রানের পরিশীলিত ইনিংস, তাহলে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ রীতিমতো ঝড় তুলেছেন (১৯ বলে ৫৫)। কিন্তু বাকি ব্যাটসম্যানরাই গড়ে দিলেন পার্থক্য। জন হ্যাস্টিংসের মিডিয়াম পেসের সামনে শ্রীলঙ্কার হয়ে এক ম্যাথুসই যা লড়লেন, অস্ট্রেলিয়ার সহজ জয়ে মিলিত অবদান জর্জ বেইলি (৯০*) ও ট্রাভিস হেডের (৪০)। হ্যাস্টিংস নিয়েছেন ৬ উইকেট। ক্রিকইনফো।

সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২১২/১০ (ডি সিলভা ৭৬, ম্যাথুস ৪০, পাথিরানা ২৪; হ্যাস্টিংস ৬/৪৫)। অস্ট্রেলিয়া: ৩১ ওভারে ২১৭/৪ (বেইলি ৯০*, ফিঞ্চ ৫৫, হেড ৪০; পাথিরানা ৩/৩৭)।