হেসেখেলে ফাইনালে সাকিবরা
দুই ম্যাচে কত পার্থক্য! উপভোগের অনেক উপাদান থাকল চিটাগং ভাইকিংস-রাজশাহী কিংসের এলিমিনেটর ম্যাচে। ঢাকা ডায়নামাইটস-খুলনা টাইটানসের লড়াইটা ঠিক বিপরীত—নিরুত্তাপ, একপেশে। প্রথম কোয়ালিফায়ারে কাল মাহমুদউল্লাহদের ৫৪ রানে হারিয়ে সাকিব আল হাসানরা হেসেখেলেই পা রাখলেন ফাইনালে।
ঢাকার অসাধারণ এই জয়ে বড় অবদান দুই ক্যারিবীয় আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভোর। ব্যাটিং-বোলিং দুটিতেই সমান উজ্জ্বল ঢাকার দুই ক্যারিবীয় অলরাউন্ডার। ১৩.৪ ওভারে ৮৯ রানে ৬ উইকেট হারিয়ে ঢাকা যখন বেশ চাপে, তখনই রাসেল-ব্রাভো গড়েন অসাধারণ এক জুটি। দুজনের সপ্তম উইকেটজুটিতে তোলা ৩২ বলে ৪৯ রানের সৌজন্যে লড়াইয়ের স্কোর পায় ঢাকা। হাওয়েলের বলে আউট হওয়ার আগে রাসেলের রান ২৫ বলে ৪৬। ব্রাভো অপরাজিত থাকেন ২৩ রানে।
ম্যাচটা একতরফা হলেও পাওয়ার প্লেতে কিন্তু দুই দলের রানই সমান ছিল। ঢাকার ৩৯, খুলনারও তা-ই। বরং উইকেটের দিক দিয়ে তখন খুলনাই এগিয়ে। ঢাকা যা করেছে ৩ উইকেট হারিয়ে, খুলনা সেটি ১ উইকেটে।
আন্দ্রে রাসেলের করা সপ্তম ওভারেই যেন খুলনার পথটা মোড় নেয় অন্যদিকে, যেটি মিলেছে পরাজয়ের জংশনে। টুর্নামেন্টে খুলনাকে অনেকটা একা টেনে চলা মাহমুদউল্লাহ কাল ব্যর্থ। রাসেলকে পুল করতে গিয়ে আউট ৫ রানে। একই ওভারে এলবিডব্লু হাসানুজ্জামান—১ রানের মধ্যে ২ উইকেট হারায় খুলনা। ধাক্কাটা আর সামলে উঠতে পারেনি তারা। পুরো বিপিএলেই ব্যাটিং নিয়ে ভুগেছে খুলনা। কালও ৪৭ রানে ঝরে গেছে শেষ ৯ উইকেট! দুই অঙ্কই ছুঁতে পেরেছেন খুলনার মাত্র দুজন। রাসেল-ব্রাভো ভাগ করে নিয়েছেন ৩টি করে উইকেট।
অবশ্য এমন ব্যাটিং বিপর্যয়ের জন্য খুলনা প্রশ্ন তুলতে পারে আম্পায়ারদের কিছু সিদ্ধান্ত নিয়েও। আবু জায়েদের প্রথম ওভারের পঞ্চম বলে আন্দ্রে ফ্লেচারের বিপক্ষে এলবিডব্লুর জোরালো আবেদন করে ঢাকা। আম্পায়ার আবেদনে সাড়া না দিতেই বেশ খেপেন জায়েদ। টিভি রিপ্লেতে দেখা যায়, ঢাকা অধিনায়ক সাকিব আল হাসানের প্রতিক্রিয়াও তখন শোভনীয় ছিল না।
এটিরই কি প্রভাব পড়েছে হাসানুজ্জামান ও বেনি হাওয়েলের আউটে? রাসেলের ফুলটস হাসানুজ্জামানের লেগ স্টাম্পের বাইরে ছিল কি না, সেটি নিয়ে সংশয় আছে। তবে সানজামুল ইসলামের বল যে হাওয়েলের ব্যাট ছুঁয়ে প্যাডে লেগেছে, টিভি রিপ্লেতে তা পরিষ্কার।
অবশ্য এই হারে খুলনার আশা শেষ হচ্ছে না। আরেকটি সুযোগ মাহমুদউল্লাহরা পাচ্ছেন। ফাইনাল নিশ্চিত করতে আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহীর সঙ্গে তাঁদের জিততেই হবে।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৪০/৮ (মারুফ ৭, লুইস ১১, সাঙ্গাকারা ৯, নাসির ১৩, সাকিব ১৮, মোসাদ্দেক ৮, রাসেল ৪৬, ব্রাভো ২৩*, আলাউদ্দিন ০, সানজামুল ০*; মাহমুদউল্লাহ ০/২৬, জুনায়েদ খান ৪/২৪, শুভাগত ০/৮, হাওয়েল ১/৩৫, মোশাররফ ০/১৮, ফ্লেচার ২/২২, শফিউল ০/৬)।
খুলনা টাইটানস: ১৬.২ ওভারে ৮৬ (ফ্লেচার ২৮, হাসানুজ্জামান ৫, মাহমুদউল্লাহ ৫, হাওয়েল ৪, মজিদ ৭, পুরান ৯, আরিফুল ১৪, শুভাগত ৮, মোশাররফ ১, জুনায়েদ ১, শফিউল ০*; জায়েদ ১/২০, রাসেল ৩/১৬, সাকিব ১/২২, সানজামুল ১/৯, নাসির ০/৬, মোসাদ্দেক ১/৩, ব্রাভো ৩/১০)।
ফল: ঢাকা ডায়নামাইটস ৫৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আন্দ্রে রাসেল।
চিটাগং ভাইকিংস: ২০ ওভারে ১৪২/৮ (তামিম ৫১, স্মিথ ০, গেইল ৪৪, মালিক ১৪, এনামুল ১১, নবী ৫, জহুরুল ১১*, রাজ্জাক ০, তাসকিন ০, সাকলাইন ১*; উইলিয়ামস ৪/১১, মিরাজ ০/৩৬, আফিফ ০/২৫, স্যামি ০/২০, ফরহাদ ২/২৬, ফ্র্যাঙ্কলিন ১/৮, নাজমুল ০/১৬)।
রাজশাহী কিংস: ২০ ওভারে ১৪৩/৭ (নুরুল ৩৪, মুমিনুল ৪, আফিফ ০, সাব্বির ১১, প্যাটেল ৫, ফ্র্যাঙ্কলিন ২, স্যামি ৫৫*, মিরাজ ১০, ফরহাদ ১৯*; রাজ্জাক ১/১৭, শুভাশিস ২/২৮, স্মিথ ০/১৩, তাসকিন ০/৩১, সাকলাইন ২/২৪, নবী ১/৩০)।
ফল: রাজশাহী ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ড্যারেন স্যামি।