হেসেখেলে সিরিজ জয় ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেবল দুদলের পোশাকের রংটাই কাছাকাছি। সিরিজে ব্যবধান যেন আকাশ-পাতাল। র্যাঙ্কিংয়ে এক নম্বরে ওঠার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল ভারত। ইংল্যান্ড চার নম্বরে। কিন্তু মাঠের ক্রিকেটে ব্যবধানটা আরও বেশি। আগের দুই ম্যাচের চেয়েও অনায়াসে জিতল ভারত, আরও বাজেভাবে হারল ইংল্যান্ড। চতুর্থ ওয়ানডেতে নয় উইকেটের জয়ে সিরিজও নিশ্চিত করল ভারত।
প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। এজবাস্টনের কাল ম্যাচ শেষ কার্যত প্রথম ইনিংস শেষেই। ২০৬ রানে গুটিয়ে যাওয়া ইংল্যান্ডের বোলিংয়ে সেই শক্তি কোথায় যে এই ব্যাটিং উইকেটে ভারতকে আটকে রাখবে! ভারতের দুই ওপেনার রান তাড়াকে বানিয়ে ছাড়ল ধারণার চেয়েও একপেশে। প্রথম ওয়ানডে সেঞ্চুরির পর অজিঙ্কা রাহানের আউটে যখন ভাঙল উদ্বোধনী জুটি, ভারতের রান তখন ১৮৩। ১০০ বলে ১০৬ রানের ইনিংসে চার ছিল ১০টি, ছক্কা ৪টি। রাহানেকে ফিরিয়েছেন যিনি, সেই হ্যারি গার্নিকে টানা দুই বলে চার-ছয় মেরে ম্যাচ শেষ করেছেন শিখর ধাওয়ান, নামের পাশে তখন ৮১ বলে অপরাজিত ৯৭।
আগের দুই ম্যাচে ব্যাটিংয়ে তবু ভালো শুরু পেয়েছিল ইংল্যান্ড (৫২ ও ৮৪), কাল ভুবনেশ্বর এক ওভারেই ফিরিয়েছেন হেলস ও কুককে। ভারতীয় পেস-স্পিনের সম্মিলিত আক্রমণে পরে আর সেই ধাক্কা সামলাতেই পারেনি ইংল্যান্ড। দলে ফেরা মঈন আলী সাতে নেমে ৫০ বলে ৬৭ রানের বিনোদনদায়ী ইনিংসে দলকে পার করিয়েছেন দু শ। কিন্তু লড়াইটাও হয়নি সেই রানে! স্টার স্পোর্টস, ক্রিকইনফো।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ৪৯.৩ ওভারে ২০৬ (কুক ৯, হেলস ৬, ব্যালান্স ৭, রুট ৪৪, মরগান ৩২, বাটলার ১১, মঈন ৬৭, ওকস ১০, ফিন ২, অ্যান্ডারসন ১*, গার্নি ৩; শামি ৩/২৮, জাদেজা ২/৪০, ভুবনেশ্বর ২/১৪, রায়না ১/৩৬, অশ্বিন ১/৪৮)।
ভারত: ৩০.৩ ওভারে ২১২/১ (রাহানে ১০৬, ধাওয়ান ৯৭*, কোহলি ১*; গার্নি ১/৫১)।
ফল: ভারত ৯ উইকেটে জয়ী (৫ ম্যাচ সিরিজে ৩-০ এগিয়ে)।
ম্যান অব দ্য ম্যাচ: অজিঙ্কা রাহানে।