হেসেখেলেই জিতল ভারত
খাঁ খাঁ গ্যালারি। টেনেটুনে কয়েক শ দর্শক হয়তো হবে। একটা গুরুত্বহীন ম্যাচ দেখতে এর চেয়ে বেশি দর্শক হওয়ারও কথা নয়। তার ওপর ভারত ও সংযুক্ত আরব আমিরাতের সামর্থ্যেও আকাশ-পাতাল পার্থক্য। রোমাঞ্চের সম্ভাবনা কম জেনেও যে মাঠে কিছু দর্শক দেখা গেল, এ-ই তো ঢের!
ক্রিকেটীয় অনিশ্চয়তায় অনেক ‘যদি’, ‘কিন্তু’ থেকে যায় ঠিকই, তবু এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা ছিল অল্পই। প্রতিদ্বন্দ্বিতা হলোও না। হেসেখেলেই আরব আমিরাতকে ৯ উইকেটে হারাল ভারত।
আগেই ফাইনাল নিশ্চিত করে রেখেছিল মহেন্দ্র সিং ধোনির দল। পরশু পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশও ফাইনাল নিশ্চিত করায় গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচই আকর্ষণ হারিয়েছে। কাল ম্যাচটাও যেন ভারতের ফাইনালের প্রস্তুতি হয়ে থাকল। ‘প্রস্তুতি’তে একটাই আক্ষেপ থাকতে পারে ধোনির, ব্যাটিংটা যে ‘ঠিকমতো’ হলো না।
টস জিতে ব্যাট করতে নামা আমিরাত ২০ ওভারে করতে পারল মাত্র ৮১ রান। এরই মধ্যে ব্যাটিং দিয়ে ছোট দলের ‘বড় তারকা’ হয়ে ওঠা শাইমান আনোয়ারের ব্যাটেই যা একটু রান (৪৩) এল। এ ছাড়া শুধু রোহান মুস্তাফাই দুই অঙ্ক ছুঁতে পেরেছেন, বাকি নয় ব্যাটসম্যান মিলে তুলেছেন ২০! টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর আর ১৬ নম্বর দলের ব্যবধানটা স্পষ্ট করল ভারত।
৮২ রানের লক্ষ্যটা ছুঁতে মাত্র ১০.১ ওভার নিলেন যুবরাজ-রোহিতরা। ওপেনিংয়ে নামা রোহিত ছিলেন চেনা ছন্দে—৩৯ রান করেছেন ২৮ বলে। তবে ধোনিকে তৃপ্তি দেবে যুবরাজের ব্যাটিং। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বদলে দেওয়া ইনিংস খেলা এই বাঁহাতি ধারাটা ধরে রাখলেন কালও, ১৩ বলে করেছেন ২১। তুলনায় ‘ওয়ানডে’ মেজাজে ছিলেন ধাওয়ান। ১৬ রান করেছেন ২০ বলে।
ব্যাটিংয়ের সুযোগ সবাই পাননি। তবে বোলিংয়ের সুযোগটা বেশ ভালোই কাজে লাগিয়েছে ভারত। সাত বোলারের ছয়জনই একটি করে উইকেট পেয়েছেন, শুধু ভুবনেশ্বর কুমার ৮ রানে ২ উইকেট নিয়ে এগিয়ে থাকলেন। আর হরভজন দেখিয়েছেন বুড়ো হাড়ের ভেলকি—৪ ওভারে খরচ করেছেন মাত্র ১১ রান।