হোবার্টে আরেকটি লঙ্কাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঙ্গাকারা-দিলশান আজ গড়েছিলেন ১৯৫ রানের জুটি। ছবি: এএফপি
সাঙ্গাকারা-দিলশান আজ গড়েছিলেন ১৯৫ রানের জুটি। ছবি: এএফপি

লাহিরু থিরিমান্নেকে দলীয় ২১ রানে ফিরিয়ে দিয়ে কী আকাশে উড়ছিল স্কটিশরা? যদি তারা আকাশে উড়ে থাকে, তাহলে তাদের মাটিতে নামিয়ে নিয়ে আসার কাজটি করলেন দুই ‘লঙ্কান-ভেটারেন’—কুমার সাঙ্গাকারা ও তিলকরত্নে দিলশান। ১৯৫ রানের দুর্দান্ত এক জুটি গড়ে এলোমেলো করে দিলেন স্কটল্যান্ডের বোলিং। জুটি-টুটির কথা ভুলে যান। এই দুজনের দুটি ইনিংসের কথা তুলে ধরা যাক। দুজনেই করলেন নিজেদের ‘চতুর্থ’ সেঞ্চুরি। দিলশান করলেন বিশ্বকাপে নিজের চতুর্থ (এই বিশ্বকাপে দ্বিতীয়) আর সাঙ্গাকারা করলেন বিশ্বকাপই শুধু নয়, ওয়ানডে ইতিহাসেরই প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চতুর্থটি। এই দুই ‘চতুর্থ’ সেঞ্চুরির ওপর দাঁড়িয়ে দারুণ এক সংগ্রহ গড়ে তুলল শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে লঙ্কানদের সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ৯ উইকেটে ৩৬৩ রান।
অ্যাঞ্জেলো ম্যাথুসকে ভুলে গেলে কিন্তু হবে না। ম্যাট ম্যাচানকে এক ওভারে টানা চারটি ছয় হাঁকিয়ে বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম ফিফটিটি নিজের করে নিয়েছেন তিনি। তাঁর ব্যাট থেকে আসা এই দ্রুতগতির ৫১ রানেরও কিন্তু হোবার্ট লঙ্কাকাণ্ডে কম অবদান নয়!
সাঙ্গাকারা যেন নতুন করে চেনাচ্ছেন নিজেকে। ওয়ানডে ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে টানা চারটি সেঞ্চুরি তিনি করলেন ক্যারিয়ারের একেবারে গোঁধূলি-লগ্নে এসে। তাঁর আজকের সেঞ্চুরিটি এসেছে মাত্র ৯৫ বলে, ১৩টি চার ও ৪টি ছয়ে। দিলশানের ১০৪ রানের ইনিংসটি ছিল ৯৯ বলে, দশটি চার ও একটি ছয়ের মারে।
সাঙ্গাকারা-দিলশান ও ম্যাথুসের সঙ্গে হোবার্টের রান উৎসবে যুক্ত হয়েছিলেন কুশল পেরেরা ( ১৩ বলে ২৪) ও নুয়ান কুলাসেকেরা (১৭ বলে ১৮)। দুশমন্থ চামিরাও শেষ দিকে ৯ বলে ১২ রান করে শ্রীলঙ্কার সংগ্রহকে নিয়ে গেছেন তৃপ্তিকর জায়গায়।
স্কটল্যান্ডের পক্ষে আজ ৩ উইকেট নিয়েছেন জশ ডেভি। এই উইকেটত্রয় এই স্কটিশ বোলারকে তুলে দিয়েছে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি বোলারদের শীর্ষে। ৫ ম্যাচে তাঁর সংগৃহীত উইকেটসংখ্যা ১৪। তিনি পেছনে ফেলেছেন ১৩ উইকেটের মালিক নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে।
ডেভির পাশাপাশি দুটি করে উইকেট নিয়েছেন অ্যালাসডাইর ইভানস ও রিচি ব্যারিংটন। একটি করে উইকেট রব টেলর ও ম্যাট ম্যাচানের। আজ হোবার্টে লঙ্কানদের যতগুলো উইকেট পড়েছে তার প্রতিটিই ছিল কট আউট। এক ইনিংসে ৯টি ক্যাচ লুফেও স্কটল্যান্ডকে এই ম্যাচে ৩৬৪ রান তাড়া করতে হচ্ছে—মজার বিষয় কিন্তু এটিই। সূত্র: স্টার স্পোর্টস।