হোয়াটমোরের পর এবার জিম্বাবুয়ের এনটিনি-আতাপাত্তু শরণ

সময়টা খুব বাজে যাচ্ছে জিম্বাবুয়ের। আফগানিস্তানের মতো দলের সঙ্গেও পেরে উঠছে না ১৯৯২ সালে টেস্ট মর্যাদা পাওয়া দেশটি। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খোয়ানোর পর টি-টোয়েন্টি সিরিজেও হার। এমন অবস্থা থেকে নিজেদের বের করে নিয়ে আসতে চায় জিম্বাবুয়ে। ডেভ হোয়াটমোরকে এক বছর আগেই প্রধান কোচের পদে বসানো হয়েছে। এবার বোলিং কোচ ও ব্যাটিং পরামর্শক হিসেবে এবার যোগ দিচ্ছেন মাখায়া এনটিনি ও মারভান আতাপাত্তু।
দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার এনটিনি দায়িত্ব নেবেন ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক আতাপাত্তু অবশ্য বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই জিম্বাবুয়ের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন।
এনটিনি ও আতাপাত্তু—দুজনই ক্রিকেটের খুব বড় নাম। এনটিনি তো দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার। ডেল স্টেইন ও শন পোলকের পর অ্যালান ডোনাল্ডের সঙ্গে দক্ষিণ আফ্রিকার পক্ষে তৃতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটের (৩৯০) মালিক। ওয়ানডে ক্রিকেটেও আছে ২৬৫ উইকেট। শ্রীলঙ্কার হয়ে ৯০ টেস্ট খেলা আতাপাত্তুর সেঞ্চুরির সংখ্যা ১৬। ওয়ানডে সেঞ্চুরি ১১টি। গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কার ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়ে দেওয়া আতাপাত্তু গত ডিসেম্বরে বাংলাদেশের টি-টোয়েন্টি লিগ বিপিএলে চিটাগং ভাইকিংসের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।