হোন্ডোর অম্লমধুর বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডগলাস হোন্ডো
ডগলাস হোন্ডো

ব্যাগ থেকে বল বের করে এগিয়ে গেলেন রানআপের মাথায়। সিমের ওপর আঙুল, যেন এক্ষুনি ছুটে যাবেন বল করতে। বল অবশ্য করলেন না, একজনকে দেখিয়ে দিলেন সিম পজিশন। কাল দুপুরে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করছিল জিম্বাবুয়ে ‘এ’। একটু পরই গেলেন পাশের নেটে, আরেকজনকে দেখিয়ে দিলেন কিছু একটা। এসবই এখন তাঁর কাজ। এখন আর বোলিং করেন না, করান। ডানহাতি পেস বোলার নয়, এখন ডগলাস হোন্ডোর পরিচয় পেস বোলিং কোচ!
খেলে যেতে পারতেন এখনো। বয়স তো মোটে ৩৫! খেলোয়াড়ি জীবনের চেয়ে শরীর খানিকটা ভারী হয়েছে। জটাধরা সেই ঝাঁকড়া চুল দেখে তবু চিনতে সময় লাগে না একটুও। ক্রিকেট ক্যারিয়ারটা যে অপূর্ণতার গল্প, তাতে খানিকটা ভূমিকা আছে বিখ্যাত ওই চুলেরও। জিম্বাবুয়ে ক্রিকেটে যখন চলছে পালাবদলের খেলা, অভাবনীয় এক সিদ্ধান্তে হোন্ডোসহ তিন জিম্বাবুইয়ান ক্রিকেটারকে (দাবেংওয়া, এমপোফু, মুপারিওয়া) ঝাঁকড়া চুল কেটে ফেলার নির্দেশ দিয়েছিল বোর্ড। বিস্মিত, বিরক্ত, ক্ষুব্ধ হোন্ডো দেশ ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন ২০০৭ সালের ফেব্রুয়ারিতে।
চুল দেখিয়ে সেই প্রসঙ্গ তুলতেই চারপাশ কাঁপিয়ে হাসি, ‘আরে না না, ওসব ছিল ফালতু প্রচার। মিডিয়া বাড়িয়ে লিখেছিল।’ আসলেই কি তাই? চোখ টিপে হোন্ডোর হাসিই বলে দিল অব্যক্ত কথা, বোর্ডের চাকরি করে এখন ওই প্রসঙ্গে কথা বলা কঠিন!
খেলা অবশ্য পুরোপুরি ছাড়েননি এখনো। এই তো কদিন আগেই ক্লাব ক্রিকেট খেলে এলেন ইংল্যান্ডে। তবে টুকটাক খেলছেন স্রেফ শখ করেই। কোচিংটাকে ভবিষ্যতের পাথেয় ভেবে রেখেছিলেন অনেক আগেই, ‘পিছু না-ছাড়া চোটের কারণে জানতাম, ক্যারিয়ার খুব বেশি লম্বা নাও হতে পারে। এ জন্য শুরু থেকেই কোচিংটা মাথায় ছিল। আর ক্রিকেটের ব্যাকরণ, টেকনিকে আমার প্রবল আগ্রহ সব সময়ই। ২০০৪ সালে চোটে পড়ে যখন মাঠের বাইরে, তখন কোচিং কোর্স শুরু করি।’
২০০৯ সালে জিম্বাবুয়ে জাতীয় দলের বোলিং কোচ হয়ে এসেছিলেন বাংলাদেশে। এবার ‘এ’ দলের হয়ে। আরেকবার এসেছিলেন ২০০৫ সালে, দলের স্ট্রাইক বোলার হিসেবে। ৯ টেস্টের ছোট্ট ক্যারিয়ারের স্মরণীয়তম মুহূর্ত সেবারই। চট্টগ্রামে প্রথম টেস্টে নিয়েছিলেন ৩ উইকেটে, ঢাকায় পরের টেস্টের প্রথম ইনিংসে ৬টি! চকিতে হোন্ডো ফিরে যান যেন সাড়ে নয় বছর আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে, ‘সব মনে আছে আমার। ওই ৬ উইকেটের সব কটা আলাদা করে বলতে পারি। বল সেদিন দারুণ রিভার্স করছিল, বাংলাদেশের ব্যাটসম্যানরা সামলাতে পারেনি। খালেদ মাসুদের উইকেটের কথা বেশি মনে পড়ে। ফুল লেংথ বল অফ সাইডে ড্রাইভ করেছিল, বল রিভার্স করে ঢুকে উপড়ে ফেলেছিল লেগ স্টাম্প।’
২১ টেস্ট উইকেটের ১৬টিই বাংলাদেশের বিপক্ষে। এই দেশ তাই অন্য রকম অনুরণন তোলে তাঁর মনে। তবে তাতে শুধু ভালো লাগাই মিশে থাকে না, থাকে বেদনাও। ২০০৫ সালের ওই সফরেই খটখটে, মরা উইকেটে বোলিং করে গেছেন ক্লান্তিহীন। সেটিই ছোবল দিয়েছে শরীরে, ‘ক্যারিয়ার শেষ করে দেওয়া পিঠের চোটের শুরু সেবারই। ২ টেস্টে প্রায় ৯০ ওভার বোলিং করতে হয়েছিল। রে প্রাইস আসেনি সেবার, ছিল না ভালো স্পিনার। পেসারদের অনেক বল করতে হয়েছিল। আমরা চারজন পেসার সেবার স্ট্রেস ফ্র্যাকচার নিয়ে দেশে ফিরেছিলাম, আমি ছাড়াও রেইন্সফোর্ড, পানিয়াঙ্গারা ও চিগুম্বুরা।’
সেই ধাক্কায় মাঠের বাইরে ছিলেন টানা দেড় বছর। ঘরোয়া ক্রিকেটে ফিরলেও আর কখনোই খেলতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেট। ৫৬ ওয়ানডেতে নিয়েছেন ৬১ উইকেট। প্রথম ৭ ওয়ানডেতেই তিনবার পেয়েছিলেন ৪ উইকেট, যার দুটি ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে। ‘ছোট্ট ক্যারিয়ার আমার, প্রতিটি উইকেটই স্পেশাল। তবু আলাদা করে বলব ২০০২ চ্যাম্পিয়নস ট্রফিতে শচীনের উইকেট।’ কেন আলাদা? ‘কারণ উইকেটটি শচীনের!’
আক্ষেপে ভরা ক্যারিয়ারে সান্ত্বনার প্রলেপ টেন্ডুলকারের উইকেটের মতো টুকরো টুকরো ওই স্মৃতিগুলো। ভাবনাজুড়ে এখন কোচিং। তরুণদের ভবিষ্যৎ গড়ে দিয়ে ভুলতে চান নিজের অতীত!