হোয়াটমোরের কোহলি-স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর ধরে ভারতের তো বটেই, বিশ্ব ক্রিকেটেই সবচেয়ে উজ্জ্বল তারকাদের একজন বিরাট কোহলি। বিশ্বকাপে ভারতের দুর্দম গতিতে এগিয়ে চলায় পথ দেখাচ্ছেন সামনে থেকেই। কাল জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচে একজন অবশ্য কোহলিকে ফেরানোর ছক অনেকের চেয়েই ভালোভাবে কাটতে পারবেন। জিম্বাবুয়ে কোচ ডেভ হোয়াটমোর তো কোহলিকে খুব কাছ থেকেই দেখেছেন!
তখনো কোহলি আজকের কোহলি হননি, সম্ভাবনার কুঁড়ি ফোটেনি ফুল হয়ে। ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কোহলি ছিলেন ভারতের অধিনায়ক, সেই দলের কোচ ছিলেন হোয়াটমোর। সেই স্মৃতি মনে পড়ে যাচ্ছে তাঁর, ‘তরুণ খেলোয়াড়দের উন্নতিতে অবদান রাখতে পারা সব সময় দারুণ। সত্যি বলতে কি, আমি ওদের সঙ্গে খুব বেশি সময় ছিলাম না। কিন্তু সময়টা দারুণ কেটেছিল। আমার বুঝতে কষ্ট হয়নি তাদের সম্ভাবনা আছে। আমিই খুশি, সেটা তারা বুঝতে পেরেছে। আমার তো মনে হয়, ওর আরও অনেক কিছু দেওয়ার আছে।’ সেই বিশ্বকাপ ভারতই জিতেছিল। কোহলির সঙ্গে সেই দলের রবীন্দ্র জাদেজাও আলো ছড়াচ্ছেন জাতীয় দলে।
২৬ বছর বয়সী কোহলিকে নিয়ে হোয়াটমোরের মূল্যায়ন, ‘সে খুবই আত্মবিশ্বাসী। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অধিনায়ক হিসেবেও সে তা-ই ছিল। তবে অনেক আত্মবিশ্বাসী তরুণ আবার নিজেদের ধরে রাখতে পারে না। কোহলি সেটা পেরেছে।’ এএফপি।