
রিক্রিয়েশন গ্রাউন্ড থেকে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম। ভেন্যু পাল্টেছে, কিন্তু ছয় বছর পর অ্যান্টিগায় এসে ভাগ্য পাল্টাল না ইংল্যান্ডের। ২০০৯ সালে ইংল্যান্ডকে জিততে দেয়নি ওয়েস্ট ইন্ডিজের শেষ জুটি। দাঁতে দাঁত কামড়ে ম্যাচের শেষ ১০ ওভার পার করে ম্যাচ বাঁচিয়েছিলেন ড্যারেন পাওয়েল ও ফিদেল এডওয়ার্ডস। এবার আর দরকার পড়েনি শেষ জুটির। জেসন হোল্ডারের বীরত্বেই খাদের কিনার থেকে উঠে এসে প্রথম টেস্ট ড্র করেছে ক্যারিবীয়রা।
বয়স মাত্র ২৩। এরই মধ্যে চওড়া কাঁধে উঠে গেছে ওয়ানডে দলের অধিনায়কত্বের ভার। টেস্টের দায়িত্বও হয়তো নিতে হবে ভবিষ্যতে। টেস্ট তো বটেই, প্রথম শ্রেণির ক্রিকেটেই নিজের প্রথম সেঞ্চুরিতে ম্যাচ বাঁচিয়ে হোল্ডার জানিয়ে দিলেন, তাঁর ওপরে আস্থা রাখা যেতেই পারে।
পরশু লাঞ্চ ও চা-বিরতির মাঝামাঝি সময়ে হোল্ডার যখন ক্রিজে এলেন, ১৮৯ রানে ৬ উইকেট হারিয়ে পরাজয়ের ক্ষণ গুনছে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক দিনেশ রামদিনের সঙ্গে ১০৫ রানের জুটি গড়ে প্রাথমিক প্রতিরোধ গড়েন হোল্ডার। জেমস অ্যান্ডারসনকে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারি বানিয়ে রামদিন যখন আউট হলেন দিনের খেলা তখনো বাকি ১৮ ওভার। কেমার রোচকে নিয়ে সময়টা কাটিয়ে দেওয়া হোল্ডার সেঞ্চুরি পেয়েছেন দিনের খেলা ৯ বল বাকি থাকতে। দিনের শেষ ওভারের চতুর্থ বলটা হয়ে যেতেই অ্যালিস্টার কুক যখন ড্র মেনে নিলেন, ২১৬ মিনিট ও ১৪৯ বল খেলে হোল্ডার অপরাজিত ১০৩ রানে। ক্রিকইনফো।
সিরিজের দ্বিতীয় টেস্ট ২১ এপ্রিল শুরু, গ্রেনাডায়।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৩৯৯ ও ৩৩৩/৭ ডি.। ওয়েস্ট ইন্ডিজ: ২৯৫ ও ৩৫০/৭ (হোল্ডার ১০৩*, স্মিথ ৬৫, রামদিন ৫৭; রুট ২/২২, অ্যান্ডারসন ২/৭২)।
ফল: ড্র। ম্যান অব দ্য ম্যাচ: জেসন হোল্ডার।