হোল্ডারে আস্থা রিচার্ডসেরও

বয়স ২৩। অভিজ্ঞতা বলতে মাত্র ৮টি টেস্ট। এ মাসের শুরুতে যখন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের অধিনায়কত্ব পেলেন, ব্যাপারটা তাই চমক হয়ে এসেছিল জেসন হোল্ডারের কাছেও। কিন্তু সেই চমক উপভোগ করার আগেই দেখলেন চারপাশ থেকে ছুটে আসছে সমালোচনার তির। এমন অনভিজ্ঞ একজনকে ওয়ানডের পর টেস্টেও অধিনায়ক করার সিদ্ধান্তটাকে প্রশ্নবিদ্ধ করলেন অনেকেই। ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন ব্রায়ান লারা। নতুন অধিনায়ককে সমর্থন দিয়ে আস্থা রাখতে বলেছিলেন তাঁর ওপর। এবার হোল্ডার পাশে পেলেন ওয়েস্ট ইন্ডিজের আরেক ‘গ্রেট’ ভিভ রিচার্ডসকেও।
হোল্ডারের বয়স আর অভিজ্ঞতা তাঁর দায়িত্ব পালনে কোনো বাধা হয়ে দাঁড়াবে না বলেই মনে করেন রিচার্ডস, ‘আমি শুনেছি, অনেকে বলছেন, তার বয়স কম। কিন্তু আমি মনে করি শুরু করার জন্য এই বয়সটাই যথার্থ।’ উল্টো এত কম বয়সে হোল্ডারকে অধিনায়ক করার ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন তিনি, ‘ভেবে দেখুন, যদি তার ভাগ্য ভালো থাকে আর আমরা সাফল্য পাই, লম্বা সময়ের জন্য আমরা একজন সফল অধিনায়ক পাব। কিছুদিন পর পর আর অধিনায়ক বদলাতে হবে না।’
গত বছর ডিসেম্বরে ওয়ানডে অধিনায়কত্ব পেয়েছিলেন মাত্র ২১ ম্যাচের অভিজ্ঞতা নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের সর্বকনিষ্ঠ (২৩ বছর ৭২ দিন) ওয়ানডে অধিনায়ক তিনি। টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হওয়ার কথা আগামী ১৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে গলে। সেদিন হোল্ডারের বয়স হবে ২৩ বছর ৩৪৩ দিন। এর চেয়ে কম বয়সেও অবশ্য ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন একজন। তবে সেটি ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসের শুরুর দিকের কথা। ১৯৩০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে টস করতে নামার দিন গ্রান্টের বয়স ছিল ২৩ বছর ২১৭ দিন। শুধু অধিনায়ক নয়, খেলোয়াড় হিসেবে গ্রান্টের অভিষেকও সেই টেস্টেই! বছর পাঁচেকের ক্যারিয়ারে গ্রান্ট ১২টি টেস্টই খেলেছেন অধিনায়ক হিসেবে।
হোল্ডারের অধিনায়ক-জীবন আরও অনেক দীর্ঘ হবে বলেই আশা ওয়েস্ট ইন্ডিজ নির্বাচকদের। টেস্ট ক্যারিয়ারের শুরুটাও একেবারে খারাপ হয়নি। অভিষেকের সময় পরিচয় ছিল ফাস্ট বোলার, এখন পুরোদস্তুর অলরাউন্ডার। গত এপ্রিলে ইংল্যান্ডের বিপক্ষে পেয়েছেন প্রথম টেস্ট সেঞ্চুরি। পরের মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ৮২। ৮ টেস্টে একটি হাফ সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরির সঙ্গে ১৬ উইকেট। আহামরি কিছু নয়, আবার একেবারে খারাপও নয়। বিশ্বকাপের মতো বড় আসরে হকচকিয়ে না গিয়ে ঠিকই নেতৃত্বগুণের পরিচয় দিয়েছেন। সব মিলিয়ে যোগ্য লোককেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বলে মনে করেন রিচার্ডস, ‘আমি বিশ্বাস করি, ওর সামর্থ্য আছে। সবার সঙ্গেই ওর সম্পর্ক ভালো, সতীর্থরা যে তাকে সম্মান করে, সেটাও আমরা শুনেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ।’
শেষ পর্যন্ত হোল্ডার সফল হতে পারবেন কি না, সেই বিচারের ভার সময়ের হাতেই ছেড়ে দিয়েছেন রিচার্ডস, ‘কাউকে দায়িত্ব দিলে তবেই না বোঝা যায় সে পারবে কি পারবে না। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সিদ্ধান্তটা ভালো হলো না খারাপ, সেটা দেখার সুযোগ তো আমরা পাচ্ছিই।’ ক্রিকইনফো।