হোল্ডারে নতুনের স্বপ্ন লারার
গত বছর ডিসেম্বরে যখন ওয়ানডে অধিনায়কত্ব পেয়েছিলেন, অভিজ্ঞতা ছিল মাত্র ২১টি ওয়ানডের। এই মাসেই দীনেশ রামদিনকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের নেতৃত্বও দেওয়া হলো জেসন হোল্ডারের কাঁধে। জ্যাকি গ্রান্টের পর দেশটির দ্বিতীয় সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক হোল্ডারের ঝুলিতে কয়টা টেস্টের অভিজ্ঞতা জানেন? মাত্র আটটি!
বয়স মাত্র ২৩, অভিজ্ঞতাও কম—এমন একজনকে দলের অধিনায়ক করার সিদ্ধান্তটা প্রশ্নবিদ্ধ অনেকের কাছেই। তবে এদের দলে নেই ব্রায়ান লারা। কিংবদন্তি এই ওয়েস্ট ইন্ডিয়ান পুরো সমর্থনই দিচ্ছেন নতুন টেস্ট অধিনায়ককে। এমনকি হোল্ডারের মধ্যে খুঁজে পাচ্ছেন একজন ক্লাইভ লয়েডকেও!
গত বিশ্বকাপে অনেক চাপ জয় করে দলকে নিয়ে গিয়েছিলেন কোয়ার্টার ফাইনালে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে চাপের মুখেও হোল্ডারের লড়ে যাওয়ার মানসিকতা মুগ্ধ করছে লারাকে, ‘আমার মনে হয় এটা বেশ ভালো একটা সিদ্ধান্ত। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে ছেলেটির নেতৃত্ব দেখেছি আমি। নিজের বোলিং, অধিনায়কত্ব নিয়ে সে যে চাপে ছিল, সেটা খুব ভালোভাবেই সামলেছে। ও বেশ বাকপটু, শারীরিক গড়নেও বড়, ক্লাইভ লয়েডের কথাই মনে করিয়ে দেয়।’
ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রধান নির্বাচক ক্লাইভ লয়েড। তাঁর অভিজ্ঞতার সঙ্গে হোল্ডারদের সামর্থ্য মিলিয়ে নতুন করে উত্থানের স্বপ্নই বুনছেন লারা, ‘আমার মনে হয় আমরা এখনো ১০, ১৫, ২০ বছর আগের মানসিকতা নিয়েই আছি। এটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য ভালো নয়। আশা করি কিছু বদল আসবে। ক্লাইভ লয়েড আছেন, নতুন মুখগুলোও আসছে—দিগন্তে নতুন কিছু দেখার আশাই করছি।’ আইএএনএস।