হোল্ডারের স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড খরতাপের পর একপশলা বৃষ্টি। টানা তিন ম্যাচ হারের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের জয়টাও যেন সে রকম। পাঁচ ম্যাচের সিরিজে হার নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তবে পোর্ট এলিজাবেথে পরশুর জয় কিছুটা হলেও যেন স্বস্তি দিয়েছে নতুন ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক জেসন হোল্ডারকে, ‘আমরা চেয়েছিলাম সম্মান পুনরুদ্ধার করতে। এই সিরিজের প্রতিটি ম্যাচেই সেই চেষ্টা করেছি। আজ সফল হয়েছি।’ ৪০ বলে ৬৪ রানের দারুণ ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক অলরাউন্ডার আন্দ্রে রাসেল। অন্যদিকে আগেই সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় এ ম্যাচে দক্ষিণ আফ্রিকা বিশ্রামে রেখেছিল নিয়মিত একাদশের তিন বোলার ডেল স্টেইন, ভারনন ফিল্যান্ডার ও ইমরান তাহিরকে। তবে তারা খেললেও এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজই জিতত বলে মনে করেন হোল্ডার, ‘মনে হয় না ওরা খেললেও আজ ম্যাচের ফল অন্য রকম হতো।’
প্রায় ৯ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে কোনো ওয়ানডে ম্যাচ হারল দক্ষিণ আফ্রিকা। পরশুর আগে সর্বশেষ হারটা ছিল ২০০৬ সালের নভেম্বরে জয়পুরে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে। ক্রিকইনফো।