হোল্ডিং-লারাদের সুরে ব্রাভো
দুঃসময় যাচ্ছে অনেক দিন ধরেই। তবে হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তিন দিনেই হার যেন নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে। কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিয়ান পেসার মাইকেল হোল্ডিং এর পুরো দায় দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে। আরেক কিংবদন্তি ব্রায়ান লারাও এর মূলে দুর্বল ক্রিকেট প্রশাসনকেই দায়ী করছেন। এবার দুই পূর্বসূরির সঙ্গে সুর মিলিয়েছেন দলের বাইরে থাকা ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোও। তাঁর মতে, দলের পারফরম্যান্স ভালো করতে হলে আগে বোর্ডে আমূল সংস্কার করতে হবে।
বেতন ভাতা নিয়ে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে গত বছর ভারত সিরিজের মাঝপথে দলবল নিয়ে দেশে ফেরত আসার পর থেকেই দলে ব্রাত্য ব্রাভো। ওয়ানডে দলের অধিনায়কত্ব হারিয়েছেন, খেলতে পারেননি বিশ্বকাপেও। মেলবোর্ন রেনেগেডসের হয়ে বিগ ব্যাশে খেলতে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় থাকা ব্রাভো বাইরে থেকেই দেখেছেন হোবার্টে তাঁর দলের অসহায় আত্মসমর্পণ। তিনি বলছেন, দলের অবস্থা হঠাৎ করে খারাপ হয়ে যায়নি, বরং অনেক দিনের অব্যবস্থাপনার ফলে আজকের এই অবস্থা। মেলবোর্নেই অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বললেন, ‘সময় বদলে গেছে এবং এটাই আমাদের বড় সমস্যা। আমরা ভবিষ্যতের দিকে মনযোগ দেওয়ার বদলে অতীত নিয়েই বেশি পড়ে আছি। এটাই আমাদের পতনের কারণ।’
সর্বোচ্চ পর্যায়ে দাপটের সঙ্গে লড়ার মতো খেলোয়াড়ের অভাব ওয়েস্ট ইন্ডিজে দেখেন না ব্রাভো। তাঁর মতে সমস্যাটা ব্যবস্থাপনায়, ‘যারা দায়িত্বে আছে, তাদের এসব ব্যাপার দেখতে হবে। আমাদের ভালো মাঠ নেই, ভালো অনুশীলনের নেট নেই কিংবা ভালো একাডেমি নেই। এসবও পতনের একেকটি কারণ। খেলোয়াড়, বোর্ডের সদস্য ও দল ব্যবস্থাপনায় যারা যারা আছেন—সবার মধ্যে সম্পর্কটা জোরালো হতে হবে। তাদের (বোর্ড) আরও অনেক সৎ হতে হবে।’
এ সব তো দীর্ঘ পরিকল্পনার ব্যাপার। আপাতত ওয়েস্ট ইন্ডিজ কীভাবে অস্ট্রেলিয়া সফরে ঘুরে দাঁড়াতে পারে? সেটির একটা সমাধান দিয়েছেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্ন। সমাধানের নাম ব্রায়ান লারা। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় একটা ক্রিকেট উৎসবে অংশ নিতে যাওয়ায় এই মুহূর্তে লারাও অস্ট্রেলিয়াতেই আছেন। তাঁর মতো এক কিংবদন্তির কিছু পরামর্শ ওয়েস্ট ইন্ডিজকে চাঙা করে দিতে পারে বলেই মনে করেন ওয়ার্ন, ‘লারা তো এখানেই আছে। ওদের উচিত তাকে যুক্ত করা, যাতে সে দলের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারে।’ এএফপি।