হোল্ডিংকে সোনালি দিন ফেরানোর আশা দেখাচ্ছেন এই তিন ওয়েস্ট ইন্ডিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাই হোপ, শিমরন হেটমায়ার আর নিকোলাস পুরান-এই তিনজনকে নিয়ে যত আশা মাইকেল হোল্ডিংয়ের। ফাইল ছবি
শাই হোপ, শিমরন হেটমায়ার আর নিকোলাস পুরান-এই তিনজনকে নিয়ে যত আশা মাইকেল হোল্ডিংয়ের। ফাইল ছবি

সোনালি দিনগুলো কবেই পেছনে ফেলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে সত্তর-আশির দশকে ক্লাইভ লয়েডদের সর্বজয়ী দলটির অন্যতম সদস্য মাইকেল হোল্ডিং আশাবাদী, আবারও ফিরবে সুদিন। সুড়ঙ্গের শেষে তিনি দেখতে পাচ্ছেন আলোকরেখা। আর হোল্ডিংকে আশার আলো দেখাচ্ছেন তিন ক্যারিবীয় ক্রিকেটার শাই হোপ, শিমরন হেটমায়ার আর নিকোলাস পুরান।

হোল্ডিং মনে করেন, হোপ-হেটমায়ার-নিকোলাসদের মতো তরুণ প্রতিভাবানদের যদি ঠিকমতো পরিচর্যা করা হয়, ওয়েস্ট ইন্ডিজ দলটা আবারও ক্রিকেট বিশ্বে ছড়ি ঘোরাবে। সত্তর-আশির দশকে ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত পেস আক্রমণের অন্যতম ভরসা হোল্ডিং কদিন আগে এক রেডিও অনুষ্ঠানে শুনিয়েছেন ক্যারিবীয় ক্রিকেট নিয়ে আশার গান, ‘সুড়ঙ্গের শেষে আলো দেখতে পাচ্ছি। সেই প্রতিভাবান ক্রিকেটার আমাদের আছে। গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা কীভাবে এই প্রতিভা আরও ভালোভাবে পরিচর্যা করতে পারি। যদি প্রতিভাবান খেলোয়াড়দের ভেতর থেকে সেরাটা বের করে আনতে পারি, একটি ভালো দল গড়ে তুলতে পারি...দেখুন, শুধু একক প্রতিভা দিয়ে বেশি দূর যাওয়া যায় না। দলীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি ভালো দল ও ভালো ব্যবস্থাপনাকাঠামো গড়ে তুলতেই হবে।’

প্রতিভাবান ক্রিকেটারদের কথা বলতে গিয়েই হোল্ডিং আলাদা করে হোপ, হেটমায়ার আর পুরানের কথা বলেছেন। তিন ব্যাটসম্যান উঠে এসেছেন তিনটি ভিন্ন দ্বীপ থেকে। ভিন্ন দ্বীপে বেড়ে উঠলেও তাঁদের সবচেয়ে বড় মিল, তিনজনই পেরেছেন নিজেদের আলাদাভাবে চেনাতে। এটিই আশাবাদী করছে হোল্ডিংকে, ‘এখনই তিনজনের নাম বলতে পারি, যারা ব্যাটিংয়ে দারুণ প্রতিভাবান। পুরান, হেটমায়ার ও হোপ। কেউ কি বলতে পারবে, ওরা ভালো ব্যাটসম্যান নয়? আরও অনেকেই আছে প্রতিভাবান। তবে এই তিনজনের কথা আলাদাভাবে বলছি; কারণ, গত দুই-তিন বছরে প্রমাণ করেছে, ওরাই সবচেয়ে প্রতিভাবান। এখন নিশ্চিত করতে হবে যেন ওরা সঠিক পথে থেকে নিজেদের সেরাটা দিতে পারে।’

ক্যারিবীয় ব্যাটসম্যানত্রয়ী হোল্ডিংয়ের আশা কতটা পূরণ করতে পারেন, সেটা সময়ই বলবে।