হোল্ডিংয়ের চোখে সর্বকালের সেরা ব্যাটসম্যান কে?

>ভিভ রিচার্ডসকে সর্বকালের সেরা ব্যাটসম্যান আখ্যা দিয়েছেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি মাইকেল হোল্ডিং।
ক্যারিবিয়ান কিংবদন্তি ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং খেলোয়াড়ি জীবনে বল করেছেন গ্রেগ চ্যাপেল, অ্যালান বোর্ডার, সুনীল গাভাস্কার, ডেভিড গাওয়ারদের। খেলা ছাড়ার পর ধারাভাষ্য কক্ষ থেকে দেখেছেন ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং ও হালের বিরাট কোহলি, স্টিভ স্মিথকেও।
তবে সব ধরনের বোলিংয়ের বিপক্ষে সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে হোল্ডিং বেছে নিয়েছেন নিজের সতীর্থ ভিভ রিচার্ডসকেই। শুধু স্পিন ও মিডিয়াম পেসের ক্ষেত্রে হোল্ডিংয়ের পছন্দ ব্রায়ান লারা। সম্প্রতি স্কাই স্পোর্টসের পডকাস্টে তিনি বলেন, ‘ভিভ আমার দেখা সেরা ব্যাটসম্যান, সেটা যেকোনো বোলিংয়ের বিপক্ষেই হোক না কেন। ভিভ কখনই ভয় পেত না। নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি, অস্ট্রেলিয়ায় ডেনিস লিলি, পাকিস্তানে আব্দুল কাদির, ভারতের বিষেন সিং বেদী, ইংল্যান্ডে ইয়ান বোথাম—সে রান করেছেন প্রত্যেকের বোলিংয়ে।’
রিচার্ডস ১২১ টেস্টে ৫০.২৪ গড়ে ৮৫৪০ রান নিয়ে অবসর নেন। ১৮৭ ওয়ানডে ম্যাচে ৪৭ গড়ে ৬৭২১ রান করেন তিনি। কিন্তু রিচার্ডসকে বুঝতে শুধু সংখ্যা যথেষ্ট না। যেভাবে তিনি রান করেছেন সেটাই রিচার্ডসকে বাকি ব্যাটিং কিংবদন্তিদের থেকে আলাদা করে। ৭০ ও ৮০’র দশকে ভিভের টেস্ট স্ট্রাইক রেট ছিল ৮৬.০৭। ওয়ানডেতে ৯০.২।
ভিভের বিধ্বংসী ব্যাটিং থেকে রেহাই পাননি ক্যারিবিয়ান দীপপুঞ্জের বোলাররাও, ‘সে আমাদের ঘরোয়া ক্রিকেটের বোলারদেরও ছাড় দিত না। আমরা চার ফাস্ট বোলার যারা ছিলাম, তাদের বিপক্ষে এক সঙ্গে খেলা হয়নি তাঁর। কারণ আমরা ঘরোয়া ক্রিকেটে ভিন্ন ভিন্ন দলের হয়ে খেলতাম। কিন্তু আমাদের প্রত্যেকের বিপক্ষে সে রান করেছে।’