‘হ্যাকার’–‘চাকার’ নিয়ে বাংলাদেশের বিপক্ষে স্কটল্যান্ড
স্কটল্যান্ডের ওপেনার জর্জ মানসির ছদ্মনাম ‘হ্যাকার’। আইসিসি সহযোগী সদস্য দেশগুলোর বোলারদের জন্য নামটা বেশ আতঙ্কের। শুধু পরিসংখ্যান দিয়েই বোঝা যায় আতঙ্কের কারণটা। মানসি এখন পর্যন্ত টি-টোয়েন্টি খেলেছেন ৪৩টি। যার ৪১টিতে ব্যাটিং করে ২৯.৪২ গড়ে করেছেন ১১১৮ রান । বাঁ হাতি ব্যাটসম্যান মানসির টি-টোয়েন্টি স্ট্রাইক রেট ১৫৩.৩৬। ভীতি জাগানিয়া আগ্রাসী ব্যাটিংয়ের কারণেই আইসিসি সহযোগী সদস্য দেশের বোলাররা মানসির নাম দিয়েছে ‘হ্যাকার’।
কীভাবে এত দ্রুত রান করেন এই স্কটিশ ব্যাটসম্যান? ক্রিকেটের এমন কোনো শট নেই যা তিনি খেলেন না। ড্রাইভ, কাট, পুলের মতো ক্রিকেটের মৌলিক শট তো আছেই; সুইপ, রিভার্স সুইপ, র্যাম্প শটের মতো বৈচিত্র্যপূর্ণ শট তাঁকে ক্রিকেটের ছোট সংস্করণের ভয়ংকর ব্যাটসম্যানে পরিণত করেছে। আজকাল টি-টোয়েন্টি হিটারদের কাছে গলফ খেলা দিন দিন জনপ্রিয় হচ্ছে। মানসিও নাকি এক সময় গলফারই হতে চাইতেন। সেটি না হলেও ক্রিকেটটা তিনি খেলেন অনেকটা গলফের মতো করেই। পার্থক্য শুধু একটাই গলফ স্টিকের জায়গায় মানসি ব্যবহার করেন ক্রিকেট ব্যাট। গলফের বলের মতো ক্রিকেট বলকেও তিনি অনেক দূর পাঠাতে পারেন। বিশেষ করে ব্যাটিং পাওয়ার-প্লেতে মুহূর্তের মধ্যেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন তিনি।
আজ বাংলাদেশ দলের বোলারদের জন্য এই স্কটিশ ‘হ্যাকার’ হতে পারেন ভাবনার কারণ। বাঁ হাতি বলেই তাঁর বিপক্ষে বোলিংয়ের দায়িত্বটা অফ স্পিনার মেহেদী হাসানের ওপর বর্তাবে। ওমানের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামের ব্যাটিং উইকেট সেটি কতটা কার্যকরী হতে পারে এ নিয়ে প্রশ্ন থাকছে।
মজার গল্প আছে আরেক স্কটিশ ক্রিকেটার ক্যালাম ম্যাকলাউডকে নিয়ে। ক্যারিয়ারের শুরুতে তিনি ছিলেন গতি তারকা। ২০০৭ সালে তাঁকে বলা হচ্ছিল স্কটল্যান্ড ক্রিকেটের ভবিষ্যৎ। ফাস্ট বোলিং দিয়ে সহযোগী দেশের ব্যাটসম্যানদের কাঁপিয়ে দিচ্ছিলেন তিনি। স্কটল্যান্ডের বাইরে তিনি খেলতেন ইংলিশ কাউন্টি দল ওয়ারউইকশায়ারের হয়ে। মাত্র ১৯ বছর বয়সে ওয়ারউইকশায়ার দলের সঙ্গে ২ বছরের চুক্তি করেন তিনি।
কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর যেতে না যেতেই বোলিং অ্যাকশনের সমস্যা ধরা পড়ে ম্যাকলাউডের। যেখানে এক বছর আগেই তিনি ছিলেন ভবিষ্যৎ তারকা, সেই ম্যাকলাউডকেই চাকিংয়ের অভিযোগে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়। এরপর জাতীয় দলে ফিরতে অবশ্য কঠোর পরিশ্রমই করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ডের সঙ্গে কাজ করেছেন। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। তত দিনে তাঁর ‘চাকার’ তকমাটা ক্রিকেট অঙ্গনে ছড়িয়ে পড়ে। ম্যাকলাউড হয়ে পড়েন হতাশ। অল্প সময়ে তারকা বনে যাওয়া ম্যাকলাউড দ্রুতই দৃশ্যপট থেকে হারিয়ে যাচ্ছিলেন!
কিন্তু মৃতপ্রায় ক্যারিয়ার বাঁচাতে অদ্ভুত পন্থা বেছে নেন ম্যাকলাউড। যেই ম্যাকলাউড বোলার হিসেবে দলে জায়গা পেতেন, ব্যাটিং করতেন ১১ নম্বরে, তিনিই বোলিং ছেড়ে ব্যাট-প্যাড পরে ব্যাটসম্যান হওয়ার সংকল্প করেন। চেষ্টায় কী না হয়, কয়েক বছরের মাথায় সেই ম্যাকলাউডই জাতীয় দলে ফিরেছেন ব্যাটসম্যান হিসেবে, যিনি এখন ব্যাটিং করেন তিন নম্বরে! ২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তাদের মাটিতে হারায় স্কটল্যান্ড। সেই ম্যাচে ১৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাকলয়েড গড়েন ইতিহাস। এবারের বিশ্বকাপেও স্কটল্যান্ডের টপ অর্ডার সামলাতে দেখা যাবে একসময়ের ফাস্ট বোলারকে।