হ্যাজলউড-জাম্পায় হার শ্রীলঙ্কার
অস্ট্রেলিয়াকে দেড় শর মধ্যে আটকে ফেলেছিল শ্রীলঙ্কা। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শুরুটা জয় দিয়েই করবে সফরকারীরা, এমন সম্ভাবনা জেগেছিল তাই। কিন্তু বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জশ হ্যাজলউড দেখা দিলেন ভয়ংকর রূপে। চোট থেকে ফেরা এই পেসারের দুর্দান্ত এক স্পেলে সম্ভাবনা জাগিয়েও ২০ রানে হেরে গেছে শ্রীলঙ্কা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এই প্রথম এই সংস্করণে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। চোটের কারণে অ্যাশেজের শেষ দিকটায় না খেলা হ্যাজলউডের জন্যও এটা ছিল প্রত্যাবর্তনের ম্যাচ। সে ম্যাচে ১২ রানে ৪ উইকেট নিয়ে প্রায় একাই শ্রীলঙ্কাকে ধসিয়ে দিয়েছেন হ্যাজলউড। পাকিস্তান সফরের আগেই নিজের ম্যাচ ফিটনেস প্রমাণ করে দিয়েছেন দীর্ঘদেহী পেসার। লেগ স্পিনার অ্যাডাম জাম্পা পেয়েছেন ৩ উইকেট।
বিশ্বকাপ জেতানো ওপেনার ডেভিড ওয়ার্নার বিশ্রামে আছেন। ওদিকে বিশ্বকাপে দারুণ করা মিচেল মার্শও ছিলেন না। বেন ম্যাকডেরমট ও অভিষিক্ত জশ ইংলিশদের তাই আজ সুযোগ মিলেছিল। দুজনই সুযোগ কাজে লাগিয়েছেন। অধিনায়ক অ্যারন ফিঞ্চ মাত্র ৮ রান করেই আউট হয়ে গিয়েছিলেন। তবু ১০ ওভারের মধ্যেই ৮০ রান পেয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। ১ উইকেটে ৮০ রান তোলা অস্ট্রেলিয়া পরের ৬৯ রান তুলতে হারিয়েছে ৮ উইকেট।
প্রথমে ফিরছেন ইংলিশ। ১৮ বলে ২৩ করা অভিষিক্তের পথ ধরে একে একে হেঁটেছেন গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ ও ম্যাকডেরমট। এর আগেই অবশ্য নিজের প্রথম পঞ্চাশের দেখা পেয়েছেন ম্যাকডেরমট। ৩৮ বলে ৫৯ ছোঁয়া ওপেনার ২ চারের সঙ্গে ৩ ছক্কা মেরেছেন। ৪১ বলে ৫৩ রান করে ম্যাকডেরমট ফেরার পর গতি হারিয়েছে অস্ট্রেলিয়া। শুধু মার্কাস স্টয়নিসই দুই অঙ্কের দেখা পেয়েছেন। তাঁর ১৭ বলে ৩০ রানে ৯ উইকেটে ১৪৯ তোলে স্বাগতিক দল।
বৃষ্টি আইনে ১৯ ওভারে ১৪৩ রানের লক্ষ্য পায় সফরকারীরা। শ্রীলঙ্কার শুরুটা ভালো হয়নি মোটেও। দানুশকা গুনাতিলকা ও আভিষ্কা ফার্নান্দো চার ওভারের মধ্যেই ফিরেছেন। ৮ ওভার শেষেও শ্রীলঙ্কার রান ছিল মাত্র ৩৭। নবম ওভারে স্টার্ক ১৫ রান দিলে ম্যাচ জমবে বলে মনে হয়েছিল। কিন্তু পাথুম নিসাঙ্কা ও চারিত আসালাঙ্কাকে ৩ বলের মধ্যে ফিরিয়ে দেন অ্যাডাম জাম্পা। ৬৪ রানে ৪ উইকেট হারানো শ্রীলঙ্কা আর ম্যাচে ফিরতে পারেনি। নির্ধারিত ১৯ ওভারে মাত্র ১২২ রান তুলতে পেরেছে ৮ উইকেট হারিয়েছে। হ্যাজলউড ৪ ওভারে মাত্র ১২ রান দিয়েছেন। ওদিকে জাম্পা ১৮ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট।