
তৃতীয় দিন শেষে রান ৪ উইকেটে ১২১। অস্ট্রেলিয়াকে আরও একবার ব্যাট করতে পাঠাতে তখনো নিউজিল্যান্ডের দরকার ১৪ রান। বাকি ৬ উইকেটে কিউইরা খুব বেশি লিড নিতে পারবে, এটা হয়তো অস্ট্রেলিয়ানরা ভাবেনি। কিন্তু কেন উইলিয়ামসন-কোরি অ্যান্ডারসন আর ম্যাট হেনরিরা ঠিকই ধৈর্যের পরীক্ষা নিলেন অস্ট্রেলিয়ার। আর সেই পরীক্ষা দিতে গিয়েই মেজাজ হারালেন অস্ট্রেলিয়া দলের অনেকে। যে কারণে এখন জরিমানাও দিতে হচ্ছে অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউডকে।
দিনভর এই ট্রান্স-তাসমান মনস্তাত্ত্বিক লড়াইয়ে সবচেয়ে বিতর্কিত ঘটনাটি ঘটেছে কাল লাঞ্চের আগে শেষ ওভারে। কিউই ব্যাটসম্যান কেন উইলিয়ামসনের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেছিলেন হ্যাজলউড। সেই আবেদনে সাড়া দেননি শ্রীলঙ্কান আম্পায়ার রানমোরে মার্টিনেজ। রিভিউ নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। কিন্তু হট স্পটে ব্যাটের কানায় বল লাগার প্রমাণ পেয়ে উইলিয়ামসনকে নট আউট ঘোষণা করেন টিভি আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থও। মাঠের আম্পায়ারদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় স্মিথ ও হ্যাজলউডের। একপর্যায়ে টিভি আম্পায়ারকে নিয়ে একটি অশোভন মন্তব্যও করেন হ্যাজলউড, যা শোনা যায় স্টাম্প মাইক্রোফোনে।
উইলিয়ামসন তখন ব্যাট করছিলেন ৮৮ রানে। এরপর ইনিংসটা অবশ্য আর খুব একটা লম্বা করতে পারেননি, আউট হয়েছেন সেঞ্চুরি থেকে ৩ রান দূরে থেকে। তবে সঙ্গে হেনরির হাফ সেঞ্চুরি, অ্যান্ডারসন ও ওয়াটলিংয়ের চল্লিশের ঘরে আরও দুটি ইনিংস মিলিয়ে দ্বিতীয় ইনিংসে অলআউট হওয়ার আগে নিউজিল্যান্ড তুলেছে ৩৩৫ রান। দিন শেষে শুধু ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে ৭০ রান তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। খুব নাটকীয় কিছু না হলে পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার জিততে বেশি সময় লাগার কথা নয়।
তবে অস্ট্রেলিয়ার জয়ের অপেক্ষা দীর্ঘায়িত হওয়ার দিনে সবচেয়ে আলোচিত ঘটনা হয়ে আছে হ্যাজলউডের সেই মেজাজ হারানো মন্তব্যটাই। যেটির জন্য দিন শেষেই ম্যাচ রেফারি ক্রিস ব্রডের সামনে যেতে হয়েছে অস্ট্রেলিয়ান পেসারকে। পরে আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আচরণবিধি ভাঙায় হ্যাজলউডের ম্যাচ ফির ১৫ ভাগ জরিমানা করা হয়েছে।
বিতর্ক অবশ্য এখানেই থামেনি। টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে পক্ষে-বিপক্ষে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অনেক সাবেক খেলোয়াড়ই। সাবেক নিউজিল্যান্ড ব্যাটসম্যান মার্ক রিচার্ডসন যেমন অস্ট্রেলিয়ানদের আচরণ নিয়ে বলেছেন, ‘এটা অগ্রহণযোগ্য।’ আবার কয়েক মাস আগে অবসরে যাওয়া অস্ট্রেলিয়ান স্পিনার রায়ান হ্যারিস বলেছেন, ‘সব দলই তো এ রকম করে। নিউজিল্যান্ড যখন বোলিং করছিল, তারাও একই কাজ করেছে। আমার মনে হয়, আম্পায়াররা একটু বাড়াবাড়ি রকম প্রতিক্রিয়া দেখিয়েছেন, ফলে আমাদের খারাপ মনে হয়েছে সবার কাছে।’
একেবারে অন্য রকম একটা মত দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন। তাঁর মতে, স্টাম্প মাইক্রোফোনে হ্যাজলউডের মন্তব্যটা সবাই শোনাতেই এত বিপত্তি। এই প্রযুক্তিটির আদৌ কোনো দরকার আছে কি না, সেই প্রশ্ন তুলে জনসন বলেছেন, ‘স্টাম্প মাইক বন্ধ করে দেওয়ার এটাই সময়। হতাশ হয়ে আমরা সবাই কখনো না কখনো এ রকম কিছু বলেছি।’ তথ্যসূত্র: সিডনি মর্নিং হেরাল্ড।