হ্যাজলউডই ম্যাকগ্রার উত্তরসূরি!
অস্ট্রেলিয়ার তো বটেই, গ্লেন ম্যাকগ্রা সর্বকালের সেরা পেসারদের ছোট্ট তালিকায় থাকবেন। কিন্তু ৫৬৩ উইকেটের বর্ণাঢ্য এই ক্যারিয়ারের রহস্য কী? ইংরেজিতে হলে উত্তরটা এভাবে দেওয়া যায়, ‘কিপ ইট সিম্পল’। বল জায়গামতো ক্রমাগত ফেলে যাওয়ার ‘সহজ’ কাজটাই তো ম্যাকগ্রা সবচেয়ে ভালো করে যেতে পারতেন! সেই ম্যাকগ্রাই বলছেন, অস্ট্রেলিয়া তাঁর উত্তরসূরি পেয়ে গেছে।
জশ হ্যাজলউড এখনো তোলপাড় ফেলে দেওয়ার মতো কিছু করতে পারেননি। ১১ টেস্টে ৪৪ উইকেট—অসাধারণ বলাটা কঠিন। তবে ২৪ বছর বয়সী এই পেসারকে ম্যাকগ্রা লম্বা রেসের ঘোড়া হিসেবেই দেখছেন, ‘তার অ্যাকশনটা খুবই সরল। সে লম্বা (১৯৬ সেন্টিমিটার)। সে বলটা ভেতরে ঢোকাতে পারে। সুইংও ভালো করাতে পারে। আমি সবচেয়ে বেশি খুশি এ কারণে ওর ভুল হওয়ার মতো খুব বেশি কিছু নেই।’ ম্যাকগ্রার দৃষ্টিতে এটাই হ্যাজলউডকে আলাদা করছে, ‘তার অ্যাকশন খুব বেশি বদলাতে হবে না। বড় কোনো রদবদল না করলে সমস্যাও বেশি হওয়ার কথা নয়।’ হ্যাজলউডের আগেরটা গুণও ম্যাকগ্রার চোখে ধরা পড়েছে, ‘আমার মনে হচ্ছে চোট থেকে সেরে ওঠার পর তার দৃষ্টিভঙ্গিও একটু বদলেছে। সে যেখানে যেতে চায়, সেটির পথে কিছুই আর বাধা হতে পারবে না!’
তবে ম্যাকগ্রা যেটি বলেননি, সেটি বলেছেন তাঁরই সাবেক সতীর্থ। জাতীয় নির্বাচক মার্ক ওয়াহ বলছেন, ম্যাকগ্রার রেকর্ড ভেঙে দেওয়ার ক্ষমতা আছে হ্যাজলউডের। ম্যাকগ্রা জানাচ্ছেন, সে রকম কিছু হলে তিনিই প্রথম অভিনন্দন জানাবেন হ্যাজলউডকে। ক্রিকেট অস্ট্রেলিয়া।