হ্যাজলউডকে ছিটকে দিল চোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জশ হ্যাজলউড
জশ হ্যাজলউড

চোট নিয়ে যখন মাঠ ছাড়েন, তখনই মনে হচ্ছিল খবর ভালো নয়। দিন শেষে জানা গেল, চোট বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে আর খেলতে দিচ্ছে না জশ হ্যাজলউডকে। শুধু তা-ই নয়, এর পরপরই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দর্শক হয়ে থাকতে হবে অস্ট্রেলীয় পেসারকে।

কাল নিজের প্রথম ওভারটা ঠিকঠাকই করেছেন। কিন্তু দ্বিতীয় ওভারের প্রথম বলটা করেই অস্বস্তি অনুভব করেন হ্যাজলউড। শরীরের বাঁ পাশের পেশিতে টান পড়ে তাঁর। অধিনায়ক স্টিভেন স্মিথের সঙ্গে কথা বলে ওভারটা অসমাপ্ত রেখেই মাঠ ছাড়েন। ওটা পুরো করেছেন অ্যাস্টন অ্যাগার। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে অস্ট্রেলিয়ার মিডিয়া ম্যানেজার নিশ্চিত করেন হ্যাজলউডের ছিটকে যাওয়ার খবর। তাঁর বিকল্প হিসেবে কাকে নেওয়া হবে, সেটি জানা যাবে আজ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক খবরে অবশ্য বলা হয়েছে, চোট থাকলেও বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে দরকার হলে ব্যাট হাতে নামবেন হ্যাজলউড। ঢাকা টেস্ট শেষে ফিরে যাবেন দেশে।

বাংলাদেশ সফরের দল ঘোষণার আগেই চোট ছিটকে দিয়েছে পেসার মিচেল স্টার্ককে। চোটের কারণে দলে জায়গা হয়নি জেমস প্যাটিনসনেরও। তাঁর বদলে দলে নেওয়া হয় জ্যাকসন বার্ডকে। এখন সফরের মাঝে হ্যাজলউডের ছিটকে যাওয়াটা অস্ট্রেলিয়ার জন্য একটা বড় ধাক্কা বলেই মনে করছেন দলের আরেক পেসার প্যাট কামিন্স, ‘ওর বিকল্প পাওয়া কঠিন। আমার মনে হয়, অস্ট্রেলিয়ার সর্বশেষ ৩০ টেস্টের মধ্যে একটি বাদে সবগুলোতেই সে খেলেছে। অনেক দিন ধরেই সে দলে আছে এবং অসাধারণ করছে। জশিকে (হ্যাজলউড) হারানো মোটেই ভালো খবর নয়।’