হ্যাজলউডের আরেক ধাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিচেল জনসন, সঙ্গে আছেন আরেক ‘মিচ’, মিচেল স্টার্ক। আছেন শেন ওয়াটসন, জেমস ফকনার। অস্ট্রেলিয়ার পেস বোলিং লাইনআপ বেশ লম্বা। জশ হ্যাজলউডের দলে জায়গা পাওয়ার লড়াইটা তাই প্যাট কামিন্সের সঙ্গেই। গ্রুপ পর্বের পাঁচ ম্যাচের মধ্যে দুটিতে খেলেছিলেন হ্যাজলউড, দুটিতে কামিন্স। একটিতে খেলেছিলেন স্পিনার জেভিয়ার ডোহার্টি। ‘এই আছি এই নেই’—হ্যাজলউডের অবস্থা যেন এমনই। কদিন আগে এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে যেন একটু হতাশাই ঝরেছিল তাঁর কণ্ঠে, ‘বোলিং লাইনআপ লম্বা থাকা এক অর্থে ভালোই। কিন্তু আপনি খেলবেন কি না, যদি নিশ্চিত না হন, তা মনের ওপর প্রভাব ফেলবেই।’
ইংল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচে ৬.৫ ওভারে ৪৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে বাদ পড়েলেন, ফিরলেন আফগানিস্তানের বিপক্ষে। এবার ৮ ওভারে ২৫ রান দিয়ে নিলেন ২ উইকেট। বাদ পড়লেন আবার। সুযোগ পেলেন পাকিস্তানের সঙ্গে অ্যাডিলেডের কোয়ার্টার ফাইনালে। অবাক হলেন অনেকেই। আগের ম্যাচেই যে ৩ উইকেট পেয়েছিলেন কামিন্স!
অ্যাডিলেডের সবুজ পিচে পেস আর বাউন্সের কমতি ছিল না। হ্যাজলউডকে নেওয়ার পেছনেও ছিল এই কারণই। তিনিও হয়তো এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন। নিলেন আহমেদ শেহজাদ, শহীদ আফ্রিদি, সোহেব মাকসুদ আর শেষের দিকে সোহেল খানের উইকেট, পাকিস্তানকে ২১৩ রানে বেঁধে ফেলার পেছনে তো বড় অবদান ছিল তাঁরই। শেষ পর্যন্ত ১০ ওভারে ১ মেডেনসহ ৩৫ রানে ৪ উইকেট। ক্যারিয়ার-সেরা বোলিং নয়, তবে এই পারফরম্যান্সই এনে দিয়েছে প্রথম ম্যাচসেরার পুরস্কার।
পরিশ্রমের পুরস্কারটা পেয়ে তাই খুশি হ্যাজলউড, ‘অসাধারণ একটা দিন গেল। সপ্তাহজুড়েই আমি অনেক বোলিং (অনুশীলন) করেছি, একটা ভালো পারফরম্যান্সের জন্য। খেলতে পেরে, খেলার ফলাফলে খুশি আমি। তাদের (পাকিস্তান) ২১৩ রানে আটকে ফেলা যথেষ্ট ছিল আমাদের ব্যাটসম্যানদের জন্য।’
দলে জায়গা পাওয়া না-পাওয়া নিয়ে কদিন আগে বলেছিলেন, ‘দলীয় খেলায় এ রকম হতেই পারে। ক্যারিয়ারজুড়ে আপনাকে বিভিন্ন ধাপের মধ্য দিয়ে যেতে হবে।’
কালকের ম্যাচ দিয়ে কিন্তু নতুন একটা ধাপেই গেলেন হ্যাজলউড। ক্রিকেট অস্ট্রেলিয়া, ক্রিকইনফো।