প্রথমে টেস্টের একাদশও আগে থেকে জানিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ব্রিসবেনে হওয়া সেই টেস্টে অস্ট্রেলিয়া জিতেছে হেসেখেলেই। তা দেখেই কিনা অ্যাডিলেডে কাল শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগেও একাদশ জানিয়ে দিলেন কামিন্স।
পেশির চোটে দ্বিতীয় টেস্টে জশ হ্যাজলউড খেলতে পারবেন না, সেটা প্রথম টেস্টের শেষ দিকে এসেই বোঝা গিয়েছিল। ইংল্যান্ডের ইনিংসে শেষ ৪১ ওভারে বল হাতেই নেননি এই পেসার। অ্যাডিলেডে হ্যাজলউডের জায়গায় আরেক পেসার ঝাই রিচার্ডসনকে খেলাবে অস্ট্রেলিয়া। একাদশে বলার মতো ঘটনা এই একটাই।
তবে পাঁজরব্যথার কারণে ডেভিড ওয়ার্নার না-ও খেলতে পারেন, এমনটা মনে করা হলেও সেটা হচ্ছে না। মার্কাস হ্যারিসের সঙ্গে অস্ট্রেলিয়ার ইনিংস উদ্বোধন করতে দেখা যাবে তাঁকে।
দুই পেসার ঝাই রিচার্ডসন আর মাইকেল নেসেরের মধ্যেই যে একজন অ্যাডিলেডে সুযোগ পাবেন, সেটা নিশ্চিত ছিল। লড়াইয়ে জয় হয়েছে রিচার্ডসনের। শেফিল্ড শিল্ডের চার ম্যাচে ১৩.৪৩ গড়ে ৪৩ উইকেট পেয়েছেন রিচার্ডসন। রিকি পন্টিংয়ের মতে, মিচেল স্টার্কের চেয়েও বর্তমানে রিচার্ডসন বেশি কার্যকর।
শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৯ সালে গ্যাবায় অভিষিক্ত এই পেসার চোট সমস্যা আর অস্ট্রেলিয়ার মূল পেসারদের ফর্মের কারণে টেস্ট একাদশে ঢুকতেই পারছিলেন না। হ্যাজলউডের চোট সে সুযোগ করে দিল। তবে চোট থেকে ফিরলেই তৃতীয় টেস্টে আবারও নিজের জায়গা ফিরে পাবেন হ্যাজলউড।
নেসেরও কম চেষ্টা করেননি। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়নসের বিপক্ষে ব্রিসবেনে কিছুদিন আগেই ইনিংসে ৫ উইকেট নিয়ে জানিয়ে দিয়েছিলেন, সুযোগ পেলে তিনিও কাজে লাগাতে প্রস্তুত। কিন্তু এ যাত্রায়ও মূল একাদশে জায়গা পাওয়া হলো না ৩১ বছর বয়সী এই পেসারের।
অ্যাডিলেড টেস্টের জন্য অস্ট্রেলিয়া একাদশ: মার্কাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও ঝাই রিচার্ডসন।