হ্যাজেলউডের গৌরবময় অভিষেক

কাল প্রথম দিনেই ইঙ্গিত দিয়েছিলেন সফল অভিষেকের। ৪৪ রানে ২ উইকেট নিয়ে নেওয়ার পর পায়ের ক্র্যাম্প তাঁকে থাকতে দেয়নি মাঠে। আজ দ্বিতীয় দিনে মাঠে নেমেই করলেন বাজিমাত। অভিষেক টেস্টে ৫ উইকেট নিয়ে জশ হ্যাজেলউড নিজেকে চেনালেন দারুণভাবেই। তাঁর দুর্দান্ত বোলিংয়েই ৪ উইকেটে ৩১১ রান নিয়ে প্রথম দিন শেষ করা ভারতের ইনিংস শেষ হয়ে গেছে ৪০৮ রানেই।
প্রথম দিন শেষে ৭৫ রানে অপরাজিত ছিরেন অজিঙ্ক রাহানে। তিনি আজ সাজঘরে ফিরেছেন আগের দিনের সঙ্গে ছয় রান যোগ করতেই। হ্যাজেলউডের বলে তিনি উইকেটের পেছনে ধরা পড়েন উইকেটরক্ষক ব্র্যাড হাডিনের হাতে। ব্রিসবেন টেস্টে রাহানের ক্যাচটি ধরে ছয়টি ডিসমিসালের সঙ্গী হলেন হাডিন। নিজের টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে পঞ্চমবারের মতো কমপক্ষে ৫টি ডিসমিসালের অনুষঙ্গ হওয়ার কীর্তি গড়লেন অস্ট্রেলীয় সহ-অধিনায়ক।
রাহানের ফেরার পর ভারতীয় ব্যাটসম্যানরা কেউই বড় ইনিংস খেলতে পারেননি। রোহিত শর্মা ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দুটি ত্রিশোর্ধ্ব ইনিংস খেলেন। লেট অর্ডারে রবিচন্দ্রন অশ্বিনের ৩৫ ভারতকে চার শ পেরোতে সহায়তা করে। অ্যাডিলেড টেস্টে ভারতীয় ‘টেইল’ যেভাবে খসে পড়েছিল দ্রুত, ব্রিসবেনেও তেমনটাই দেখা দিল। ইশান্ত শর্মা, উমেশ যাদব ও বরুণ অ্যারন—এই তিনজন মিলে স্কোরবোর্ডে তুললেন মাত্র ১৪ রান।
২০০০ সালের পর হ্যাজেলউড হচ্ছেন ষষ্ঠ অস্ট্রেলীয় বোলার যিনি অভিষেকেই ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন। এমন রেকর্ড নেই আর কোনো দলেরই। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসেই এমন কীর্তি আছে মোট ৩৫ বোলারের।
ভারতের ৪০৮ রানের জবাব দিতে গিয়ে দ্বিতীয় দিনের চা-বিরতির আগ পর্যন্ত অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে তুলেছে ১২১ রান। ৩ উইকেটের বিনিময়ে এই রান তোলা অস্ট্রেলিয়া এখনো পিছিয়ে ২৮৭ রানে। ফিরে গেছেন ক্রিস রজার্স, ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসন।
রজার্স ফিরেছেন ৫৬ রানে। ওয়াটসন ও ওয়ার্নার দুজনই নিজেদের ইনিংসের অপমৃত্যু ঘটিয়েছেন দারুণ শুরুর পরেও। ভারতের সেরা বোলার আজ এখন পর্যন্ত উমেশ যাদব। তাঁর সংগ্রহ ২ উইকেট। অপর উইকেটটি অশ্বিনের। সূত্র: স্টার স্পোর্টস।