হ্যাটট্রিক না-পাওয়ার হ্যাটট্রিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদা পোশাকেও রঙিন অভিষেক হলো মুস্তাফিজের। ছবি: শামসুল হক
সাদা পোশাকেও রঙিন অভিষেক হলো মুস্তাফিজের। ছবি: শামসুল হক

পর পর দুই বলে দুই উইকেট। হ্যাটট্রিকের সামনে দাঁড়ানো। কিন্তু না, হ্যাটট্রিক হলো না! আবারও। আন্তর্জাতিক ক্রিকেটে তিন মাসের মধ্যে এ নিয়ে তিন তিনবার তিন বলে তিন উইকেট নেওয়ার সামনে দাঁড়িয়েও হ্যাটট্রিক হলো না মুস্তাফিজুর রহমানের।
আজ চা বিরতির পর ৬০তম ওভারে বোলিংয়ে এসে এক ওভারেই তিনটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে এনেছেন দারুণভাবে। এর মাঝে পর পর দুই বলে হাশিম আমলা আর জেপি ডুমিনিকে ফিরিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন হ্যাটট্রিকের সামনে। কিন্তু পরের বল কুইন্টন ডি কক বলটা ঠেকিয়ে দিয়ে হ্যাটট্রিকটা হতে দেননি। অবশ্য পরের বলেই ডি কক ফিরেছেন সাজঘরে ।
জোড়ায় জোড়ায় উইকেট নেওয়াকে অভ্যাসে পরিণত করেছেন মুস্তাফিজ। এই নিয়ে ক্যারিয়ারে তিনবার হ্যাটট্রিক বঞ্চিত হলেন তিনি। নিজের ওয়ানডে অভিষেকেই হ্যাটট্রিকের সম্ভাবনা তুলেছিলেন পর পর দুই বলে সুরেশ রায়না ও রবিচন্দ্রন অশ্বিনকে ফিরিয়ে দিয়ে। কিন্তু ভুবনেশ্বর কুমার তৃতীয় বলটি সামলেছিলেন বেশ সহজেই। দ্বিতীয় ওয়ানডেতেও ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং অক্ষর প্যাটেলকে ফিরিয়ে দিয়ে আবারও হ্যাটট্রিকের সামনে। এবার বাধা হয়ে দাঁড়িয়েছিলেন অশ্বিন।
আজ আবার চার বলের মাঝে তিন উইকেট নিয়েছেন, কিন্তু ডি কক আউট হওয়ার আগে তৃতীয় বলটিকে ঠেকিয়ে দিয়ে আবারও মুস্তাফিজকে বঞ্চিত করলেন হ্যাটট্রিক হতে। হ্যাটট্রিক না-পাওয়ার ‘হ্যাটট্রিক’ হয়ে গেল!
হ্যাটট্রিক মানেই জাদুকরী এক সংখ্যা—‘৩’। এখন পর্যন্ত হ্যাটট্রিকের দেখা না পেলেও মুস্তাফিজের ক্যারিয়ারে কিন্তু তিন সংখ্যাটির জয়-জয়কার। তিন মাসের ক্যারিয়ারে ৬ ওয়ানডেতে ১৮ উইকেট। অর্থাৎ​ প্রতি ম্যাচে গড়ে উইকেট তিনটি। তিনটি টি-টোয়েন্টি খেলেছেন। উইকেটও তিনটি। টেস্টেও দীর্ঘ সময় ধরে তাঁর উইকেট সংখ্যা হয়ে থাকল তিন। ওই এক ওভারের জাদুতেই। পরে বাধার দেয়াল তুলে দাঁড়ানো তেমবা বাভুমাকে ফিরিয়ে প্রোটিয়াদের প্রথম দিনেই অলআউট করেছেন তিনিই।
এবার শুধু হ্যাটট্রিকের অপেক্ষা!