মাস দেড়েক আগে এ মাঠেই নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে তাঁর ডাবল সেঞ্চুরিটা দৃষ্টি কেড়েছিল অস্ট্রেলিয়ার নির্বাচকদের। ভিক্টোরিয়ার হয়ে শেফিল্ড শিল্ড ম্যাচের সেই ইনিংসই পিটার হ্যান্ডসকম্বকে জায়গা করে দিয়েছিল অস্ট্রেলিয়ার টেস্ট দলে। তারপর থেকে যেন মধুচন্দ্রিমা চলছে অস্ট্রেলিয়ান এ মিডল অর্ডার ব্যাটসম্যানের।
সেই সিডনিতেই ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নেমে কাল হ্যান্ডসকম্ব পেয়ে গেলেন দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিটা। ক্যারিয়ারের প্রথম চার টেস্টের সব কটিতেই অন্তত একটা ফিফটি। তাঁর আগে অস্ট্রেলিয়ার হয়ে এ কীর্তি আছে শুধু হার্ভি কলিন্সের। ১৯২০-২১ মৌসুমের অ্যাশেজে অভিষেকের পর টানা চার টেস্টে অন্তত একটা করে ফিফটি করেছিলেন কলিন্স।
এখানেই শেষ নয়। সব মিলিয়ে টেস্ট ক্যারিয়ারের ছয় ইনিংসে এখন পর্যন্ত একবারও ফিফটির নিচে আউট হননি হ্যান্ডসকম্ব। পঞ্চাশের নিচে রান যে দুটি ইনিংসে, দুটিতেই অপরাজিত। তাঁর দুর্দান্ত ইনিংসটা অবশ্য শেষ হয়েছে ওয়াহাব রিয়াজের বলে দুর্ভাগ্যজনকভাবে হিট উইকেট হয়ে। টেস্ট ইতিহাসে এ নিয়ে ২৪ বার কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিট উইকেট হলেন।
আগের দিন ডেভিড ওয়ার্নার ও ম্যাট রেনশর সেঞ্চুরির পর কাল হ্যান্ডসকম্বের সেঞ্চুরি মিলিয়ে সিডনি টেস্টের প্রথম ইনিংসেই পাকিস্তানকে ৫৩৮ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে পাকিস্তানের শুরুটা হয়েছিল জঘন্য। চতুর্থ ওভারেই ৬ রানে ২ উইকেট নেই! তবে মেলবোর্নে আগের টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান আজহার আলী ও অভিজ্ঞ ইউনিস খানের ব্যাটে পরে সে ধাক্কা সামলে উঠেছে অতিথি দল। দিনটা শেষ করেছে ২ উইকেটে ১২৬ রান নিয়ে।
রেনশ দিনটা শুরু করেছিলেন ১৬৭ রান নিয়ে। ২০ বছর ২৮১ দিন বয়সে সেঞ্চুরি করে আগের দিনই অস্ট্রেলিয়ার সপ্তম কনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান বনে গিয়েছিলেন। ডাবল সেঞ্চুরিটাও পান কি না, সেটাই ছিল দেখার। ডাবল সেঞ্চুরি পাননি। তবে ১৮৪ রান করে ইমরান খানের বলে বোল্ড হওয়ার আগে আরেকটি কীর্তি ঠিকই গড়েছেন রেনশ। ২১ বছরের নিচে কোনো অস্ট্রেলিয়ান টেস্ট ওপেনারের সর্বোচ্চ ইনিংস এখন তাঁর। ১৯২৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৬৪ রান করে এত দিন যে রেকর্ডের মালিক ছিলেন আর্চি জ্যাকসন।
একটা রেকর্ড গড়েছেন পাকিস্তানি ওপেনার আজহার আলীও। এ সিরিজে এখন পর্যন্ত ৩৮২ রান আজহারের, যেটি অস্ট্রেলিয়ায় তিন টেস্টের সিরিজে কোনো অতিথি দলের ওপেনারের সর্বোচ্চ রান। ১৯৮৫-৮৬ মৌসুমে ৩৫২ রান করে এত দিন রেকর্ডটার মালিক ছিলেন ভারতের সুনীল গাভাস্কার। ক্রিকইনফো।