হ্যামিলটন টেস্টে বিপদে ওয়েস্ট ইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোল্ট-সাউদির বোলিং তোপে পিছিয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ছবি: এএফপি
বোল্ট-সাউদির বোলিং তোপে পিছিয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ছবি: এএফপি

হ্যামিলটন টেস্টের দ্বিতীয় দিনের শুরু আর শেষটা নিউজিল্যান্ডের দুই পেসার টিম সাউদি আর ট্রেন্ট বোল্টের। শেষ উইকেটে ব্যাট হাতে এই দুই ‘বোলার’ ৬১ রানের জুটি গড়ে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহটা টেনে নিয়ে গেছেন ৩৭৫-এ। দিন শেষে এই দুজনেরই দারুণ বোলিং আর ফিল্ডিংয়ে ২১৫ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা এখন পিছিয়ে ১৫৮ রানে।

প্রথম দিন শেষে ৭ উইকেটে ২৮৬ রান তুলেছিল কিউরা। আজ দিনের শুরুতেই ফিরে যান নিল ওয়াগনার। এরপর টম ব্লান্ডেলের সঙ্গে ২৬ রানের জুটি করেন সাউদি। এরপরই বোল্টকে নিয়ে ওই জুটি। আজ ব্লান্ডেলকে আউট করে ইনিংসে ৪ উইকেট নিয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ নিয়েছেন ৩টি।
প্রথম ইনিংসে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের, ৫ রানেই ফিরে যান ওপেনার কাইরন পাওয়েল। সেই থেকে শুরু। নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়েছেন ক্যারিবীয়রা। চারটি ত্রিশোর্ধ্ব জুটি করেছে তাঁরা। অথচ এর একটাও পঞ্চাশ পেরোয়নি। ব্যাট হাতে একমাত্র সফলতা অধিনায়ক ক্রেইগ ব্রাফেটের। তাঁর ৬৬ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে উইকেট রক্ষক শেন ডাউরিচের ব্যাট থেকে—৩৫।
বোলারদের মধ্যে সেরা বেছে নেওয়ার সুযোগ নেই। চার পেসারের প্রত্যেকেই দুটি করে উইকেট নিয়েছেন। নিয়ন্ত্রিত বোলিংয়ের চাপেই ভেঙে পড়েছে উইন্ডিজ। দ্বিতীয় দিন শেষে ম্যাচটা এখন পুরোপুরিই কেন উইলিয়ামসনের নিয়ন্ত্রণে। সূত্র: ক্রিকইনফো।