হ্যামিল্টনে ল্যাথামের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শর্ট লেগ থেকে ডানে সরে ডান হাত পুরো বাড়িয়ে দিয়ে নেওয়া অসাধারণ এক ক্যাচ। কাল হ্যামিল্টনে বিষণ্ন আকাশের নিচে প্রায় সবটুকুই আলো কেড়ে নিলেন টম ল্যাথাম। দারুণ ক্ষিপ্রতায় ওই ক্যাচ নিয়ে ফাফ ডু প্লেসিকে ফেরানো নিউজিল্যান্ডের ক্রিকেটার পরে ব্যাট হাতেও প্রতিরোধ গড়েছেন। জিত রাভালকে নিয়ে উদ্বোধনী জুটিতে ২৫.৩ ওভারে ৬৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ সাজঘরে ফিরেছেন ল্যাথাম।
এর আগে হ্যামিল্টনে আরেকটি বৃষ্টি-বিঘ্নিত দিনে ৩১৪ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ৪ উইকেটে ১২৩ রান নিয়ে দিন শুরু করা প্রোটিয়ারা ১৯০ রানেই হারিয়ে ফেলেছিল ৬ উইকেট। সেখান থেকে রানটা তিন শ পেরিয়েছে কুইন্টন ডি ককের সৌজন্যে। সাতে নেমে ১১৮ বলে ১১ চার ও ২ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৯০ রান এই উইকেটকিপার ব্যাটসম্যানের। দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ রান ল্যাথামের অসাধারণ ক্যাচের শিকার ডু প্লেসি।
দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৬২তম ওভারে প্রথম বল হাতে পান বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার। ওভারের তৃতীয় বলে প্যাডল সুইপ করতে যান ডু প্লেসি। ব্যাট-বলের সংযোগ হওয়ার আগেই ল্যাথামও ডানে সরে যান, তারপর দারুণ ওই ক্যাচ। এএফপি।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৮৯.২ ওভারে ৩১৪ (ডি কক ৯০, ডু প্লেসি ৫৩, আমলা ৫০, রাবাদা ৩৪; হেনরি ৪/৯৩, ওয়াগনার ৩/১০৪, ডি গ্র্যান্ডহোম ২/৬২, স্যান্টনার ১/২৪)। নিউজিল্যান্ড ১ম ইনিংস: ২৫.৩ ওভারে ৬৭/০ (ল্যাথাম ৪২*, রাভাল ২৫*)।