হয়ে গেল জয়ের সেঞ্চুরি!
মোহাম্মদ রফিক সেদিন হয়ে উঠেছিলেন যেন সনাৎ জয়াসুরিয়া! ২৩৭ রান তাড়ায় হঠাৎই ওপেনিংয়ে নামানো হয়েছিল বাঁহাতি স্পিনারকে। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয়বার ওপেন করতে নেমে ১১ চার ও ১ ছক্কায় করেছিলেন ৭৭। এর আগে নিজের মূল কাজেও ছিলেন সফল, বল হাতে নিয়েছিলেন ৩ উইকেট। রফিকের অলরাউন্ড নৈপুণ্যে ভারতের ত্রিদেশীয় ক্রিকেটে কেনিয়াকে হারিয়েছিল বাংলাদেশ ৬ উইকেটে। ১৯৯৮ সালের ওই জয়টি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম জয়। কাল সেই সংখ্যা ছুঁল তিন অঙ্ক। কালকের জয়ে আন্তর্জাতিক ক্রিকেটে জয়ের সেঞ্চুরি হলো বাংলাদেশের—১০০ জয়!
সাফল্য অবশ্যই ওয়ানডেতে বেশি, ২৯১ ম্যাচে ৮২ জয়। টেস্টে ৮৮ ম্যাচে ৭ জয় আর টি-টোয়েন্টিতে ৪১ ম্যাচে ১১ জয়। সবচেয়ে বেশি জয় জিম্বাবুয়ের বিপক্ষে, ৪০টি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১ জয়। কেনিয়াকে নয়বার, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডকে আটবার, শ্রীলঙ্কাকে চারবার, ভারত ও স্কটল্যান্ডকে তিনবার করে হারিয়েছে বাংলাদেশ। বারমুডা, ইংল্যান্ড ও হল্যান্ডকে দুবার করে। একবার করে জয় এসেছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, পাকিস্তান, কানাডা, হংকং, নেপাল, দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাতের বিপক্ষে। ৫০তম জয়টি এসেছিল ২০০৯ সালে, ওয়েস্ট ইন্ডিজে গ্রেনাডা টেস্ট জিতে। ফিফটি থেকে সেঞ্চুরিটা বেশ দ্রুতগতিতেই করল বাংলাদেশ!