১ কোটি রুপিতে বিপাকে ইনজামাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস ট্রফি জেতায় প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাছ থেকে পাকিস্তানের ক্রিকেটাররা পেয়েছেন ১০ কোটি রুপি অর্থ পুরস্কার। কোচিং সদস্যদের প্রত্যেকে ৫০ লাখ। কিন্তু ঝামেলাটা বেঁধেছে নির্বাচক বোর্ডের পাওয়া পুরস্কার নিয়ে। আরও নির্দিষ্ট করে বললে, প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকের পুরস্কারের টাকার অঙ্ক নিয়েই যত বিতর্ক।

নির্বাচক কমিটির অন্য তিন সদস্য পুরস্কার পেয়েছেন ১০ লাখ রুপি করে। কিন্তু প্রধান নির্বাচক ইনজামামের প্রাপ্তি ১ কোটি। বিতর্ক এ নিয়েই। সাবেক প্রধান নির্বাচক ইকবাল কাশিম বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি জেতার জন্য যেখানে প্রধান কোচ ও অন্য কোচরা পেয়েছেন ৫০ লাখ রুপি করে, সেখানে প্রধান নির্বাচককে এত বড় অঙ্কের পুরস্কার দেওয়ার কোনো অর্থ হয় না। আর দেওয়াই যদি হবে, তাহলে প্রধান নির্বাচক ও অন্য নির্বাচকদের মধ্যে টাকার অঙ্কে এত ব্যবধান কেন!’

সমালোচনার অবশ্য আরেকটা কারণও আছে। পিসিবিতে অন্য নির্বাচকদের চেয়ে ইনজামামের বেতন যে চার গুণ বেশি! অন্যরা পান মাসে ৩ লাখ, ইনজামাম পান ১২ লাখ! পাকিস্তানের সাবেক অধিনায়ক নিজে এখন এ নিয়ে কী বলেন, সেটিই দেখার। টাইমস অব ইন্ডিয়া।