১ থেকে ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১  জিম্বাবুয়ে চট্টগ্রাম, ২০০৫

প্রথম জয় আসছে! এই সম্ভাবনায় সিরিজ শুরুর আগেই রোমাঞ্চিত বাংলাদেশ। বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের দ্বন্দ্বের জেরে বাংলাদেশের বিমানে উঠল খর্বশক্তির এক জিম্বাবুয়ে দল। টেস্টে এই প্রথম ফেবারিট বাংলাদেশ। চাপটা তাই কম ছিল না। প্রথম ইনিংসে সে সময়ের দলীয় সর্বোচ্চ ৪৮৮ রান করেই চাপটা দূর করল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩১২ রানে অলআউট জিম্বাবুয়ে ম্যাচ জিততে লক্ষ্য পেল ৩৮১ রানের। বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়রের (৬/৪৫) ঘূর্ণিতে জিম্বাবুইয়ানরা দ্বিতীয় ইনিংসে অলআউট ১৫৪ রানে।

২ ওয়েস্ট ইন্ডিজ সেন্ট ভিনসেন্ট, ২০০৯

ইতিহাসের পুনরাবৃত্তি বলতে পারেন!  প্রথম জয়ের মতো দ্বিতীয় জয়েও যে অবদান বোর্ড-ক্রিকেটার দ্বন্দ্বের। এবার ওয়েস্ট ইন্ডিজ এমনই এলোমেলো যে, প্রথম টেস্টে অভিষেক হলো সাতজনের। ম্যাচের নায়কও এক অভিষিক্ত, তবে তিনি বাংলাদেশের। নাম মাহমুদউল্লাহ। ব্যাটসম্যান নন, বোলার মাহমুদউল্লাহ দেশের বাইরে বাংলাদেশকে প্রথম টেস্ট জেতালেন। প্রথম ইনিংস শেষে ৬৯ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ তামিমের দারুণ সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে করে ৩৪৫ রান। ২৭৭ রানের পিছু ছুটে ১৮১ রানে অলআউট ক্যারিবীয়রা। ৩ ও ৫—ম্যাচে ৮ উইকেট মাহমুদউল্লাহর।

৩ ওয়েস্ট ইন্ডিজ গ্রেনাডা, ২০০৯

প্রথম টেস্টে কার্যত তিনিই ছিলেন অধিনায়ক। মাশরাফির চোট দ্বিতীয় টেস্টে আনুষ্ঠানিকভাবেই সাকিবের হাতে তুলে দিল অধিনায়কত্ব। চতুর্থ ইনিংসে রান তাড়ায় অপরাজিত ৯৬ রানের অসাধারণ এক ইনিংস খেলে দলকে জিতিয়ে উপলক্ষটা উদ্‌যাপন সাকিবের। ২১৫ রানের লক্ষ্য, সাকিব উইকেটে এলেন ৬৭ রানে ৪ উইকেট পড়ার পর, ফিরলেন ছক্কা মেরে দলকে জিতিয়ে। পঞ্চম উইকেটে সাকিব-রকিবুলের ১০৬ রানের জুটিই ম্যাচটাকে তুলে দেয় বাংলাদেশের হাতে। বল হাতেও সফল সাকিব, প্রথম ইনিংসে নেন ৩ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট।

৪  জিম্বাবুয়ে হারারে, ২০১৩

বাংলাদেশের কোনো পেসার ওভারের পর ওভার বল করে যাচ্ছেন। নাভিশ্বাস ওঠাচ্ছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানের। দুর্লভ এই ঘটনার সাক্ষী হারারে টেস্ট। বোলারের নাম রবিউল ইসলাম। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ১০৯ রানের লিড এনে দিয়েছিলেন দলকে। তবে ম্যাচের সেরা মুশফিকুর রহিম। দুই ইনিংসেই ফিফটি করেছেন অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পাননি ৭ রানের জন্য। প্রথম টেস্টে বিশাল ব্যবধানে হেরে চাপে থাকা বাংলাদেশ ১৪৩ রানে দ্বিতীয় টেস্ট জিতে সমতা আনল সিরিজে।

৫  জিম্বাবুয়ে মিরপুর, ২০১৪

ঘরের মাঠে পরিষ্কার ফেবারিট বাংলাদেশ। সেই ম্যাচে মাত্র ১০১ রান তাড়া করতে নেমে কী কেলেঙ্কারি! ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বল শেষে অদ্ভুত চেহারা স্কোরবোর্ডের। শূন্য রানেই নেই ৩ উইকেট। ৬২ রানে ৬ ও ৮২ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ জেতে মুশফিক, শাহাদাত ও তাইজুলের দৃঢ়তায়। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে ৩৯ রানে ৮ উইকেট নেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। টেস্টে বাংলাদেশের সেরা বোলিং হয়ে আছে এটাই।

৬ জিম্বাবুয়ে খুলনা, ২০১৪

এটি আসলে সাকিবের ম্যাচ। প্রথম ইনিংসে ব্যাট হাতে ১৩৭ রান, জিম্বাবুয়ের দুই ইনিংসেই ৫টি করে উইকেট। ক্রিকেট ইতিহাসের ঝলমলে এক পাতায় নাম উঠে যায় বাংলাদেশের অলরাউন্ডারের। টেস্ট ইতিহাসে মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে একই ম্যাচে সেঞ্চুরির পাশাপাশি ১০ উইকেট পান সাকিব। প্রথম দুজন বোথাম ও ইমরান। ৩১৪ রানের লক্ষ্যে ব্যাট করা জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে অলআউট ১৫১ রানে। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৪৩৩ রান, সেঞ্চুরি পেয়েছিলেন তামিম ইকবালও।

৭  জিম্বাবুয়ে  চট্টগ্রাম, ২০১৪

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের পোশাকি মহড়াই যেন এই ম্যাচে সেরে নিয়েছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। প্রথমবারের মতো এক ইনিংসে বাংলাদেশের দুই ওপেনারই সেঞ্চুরি করেন। তামিম-ইমরুলের উদ্বোধনী জুটিতে আসে ২২৪ রান। বাংলাদেশ গড়ে ৫০৩ রানের পাহাড়। প্রথম ইনিংসে ১২৯ রানের এগিয়ে থাকা বাংলাদেশ ৫ উইকেটে ৩১৯ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেয়। দারুণ এক সেঞ্চুরি করেন মুমিনুল। ৪৪৯ রানের অসম্ভব লক্ষ্য তাড়া করে ২৬২ রানে অলআউট জিম্বাবুয়ে।

৮ ইংল্যান্ড মিরপুর, ২০১৬

চট্টগ্রামে আবির্ভাবেই নিজের জাত চিনিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে ম্যাচটা জেতাতে পারেননি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক টেস্ট জয়ের স্বাদ পেয়েছেন দ্বিতীয় ম্যাচেই। ছয় দু’গুণে ১২ উইকেট নিয়ে তিন দিনের মধ্যেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জেতান দলকে। শেষটা কী নাটকীয়ই না ছিল। ২৭৩ রানের লক্ষ্য, বিনা উইকেটে ১০০ রান তুলে তৃতীয় দিনের চা-বিরতিতে যায় ইংলিশরা। দিনের খেলা শেষ হওয়ার আগেই সেই ইংল্যান্ড অলআউট আর মাত্র ৬৪ রান যোগ করে।

৯ শ্রীলঙ্কা কলম্বো, ২০১৭

শততম টেস্ট। জয় ছাড়া কী আর উদ্‌যাপন মানায়! বাংলাদেশ উদ্‌যাপন করেছে জয় দিয়েই। শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে হারিয়েই মাইলফলক টেস্টটিকে স্মরণীয় করে রাখেন মুশফিকরা। সাকিবের সেঞ্চুরি ও আরও তিন ফিফটিতে প্রথম ইনিংসে ৪৬৭ রান বাংলাদেশের। দুই ইনিংসেই তিন শর বেশি রান করেও বাংলাদেশকে ১৯১ রানের লক্ষ্য দিতে পারে লঙ্কানরা। ২২ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ রানটা ছুঁয়ে ফেলে ৭ উইকেট হারিয়ে। ৮২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ওপেনার তামিম ইকবাল। 

১০ অস্ট্রেলিয়া মিরপুর, ২০১৭

একরকম ঘোষণা দিয়েই টেস্টটা জিতেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে ২-০ তে হারাবে বাংলাদেশ—কোচ হাথুরুসিংহে ও অলরাউন্ডার সাকিবের ভবিষ্যদ্বাণী সত্যি করার পথে মুশফিকের দল এগিয়ে গেছে অর্ধেকটা। এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। ম্যাচে একবার ফিফটি ও দুবার ৫ উইকেট নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার অলরাউন্ড সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন আরও একবার। কম যাননি তামিম ইকবালও, দুই ইনিংসেই খেলেছেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস। ফল তো জানাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়!

গ্রন্থনা: মোহাম্মদ সোলায়মান, অলংকরণ: আবুল খায়ের