১ ম্যাচের সেই ১১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলে গেলেন অ্যান্ডি গানটৌমি, এক ম্যাচের বিস্ময়। একমাত্র ইনিংসে সেঞ্চুরি করেও গানটৌমি কেন আর ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ পাননি সেটা চিরকালীন বিতর্কের বিষয়। গানটৌমির মতো একটি মাত্র আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটার বাংলাদেশেও আছে। সংখ্যাটাও কম নয়—১১ জন। হিসাবটা গত এক বছরে একটি মাত্র টি-টোয়েন্টি খেলা রনি তালুকদার, মোসাদ্দেক হোসেন ও মুক্তার আলীকে বাইরে রেখেই করা।
বাংলাদেশের ১১ জনের অবশ্য গানটৌমির মতো কোনো গল্প নেই। ঘরোয়া ক্রিকেটে দৃষ্টি কেড়ে জাতীয় দলে এসে বলার মতো পারফর্মও করতে পারেননি এঁদের কেউ। বাংলাদেশের হয়ে তিন সংস্করণের ক্রিকেট মিলিয়ে যাঁরা মাত্র একটি ম্যাচ খেলেছেন তাঁরাই এসেছেন এই তালিকায়।
ওয়াহিদুল গনি
লেগ স্পিনার, ১৯৮৮
১৯৮৮ এশিয়া কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েছিলেন এই লেগ স্পিনার। চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে ৬ ওভারে ৩২ রান দেওয়া ওয়াহিদুল এরপর আর সুযোগ পাননি আন্তর্জাতিক ম্যাচে। বাংলাদেশ এখনকার মতো বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ পেলে ওয়াহিদুলের নামটা না-ও থাকতে পারত এ তালিকায়।
জাকির হাসান
ডানহাতি পেসার, ১৯৯৭
নয় বছর পর আরেকটি এশিয়া কাপ। সেবার কলম্বোয় ভারতের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ম্যাচে অভিষেক হলো জাকির হাসানের। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৩ ওভারে বাংলাদেশ করে ১৩০। ফাইনালে উঠতে ২০ ওভারেই রানটা পেরোতে হতো ভারতকে। সৌরভ গাঙ্গুলীর তাণ্ডবে ১৫ ওভারেই লক্ষ্যে পৌঁছায় ভারত। ২ ওভারে ১৭ রান দিয়ে কোনো উইকেট পাননি জাকির।
শরীফুল হক
অফ স্পিনার, ১৯৯৮
প্লাবন নামে বেশি পরিচিত এই অফ স্পিনার ১৯৯৮ সালে ইনডিপেনডেন্স কাপে সুযোগ পান ভারতের বিপক্ষে। ১১ নম্বরে ব্যাট করে ১ ছক্কায় ৬ বলে ১০ রানই তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের হাইলাইটস। ৩ ওভারে ২১ রান দিয়ে উইকেটশূন্য—আসল কাজে ব্যর্থই ছিলেন শরীফুল।
জাকির হোসেন
ডানহাতি পেসার, ১৯৯৮
ইনডিপেনডেন্স কাপে বাংলাদেশের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অভিষেক এই পেসারের। ব্যাটিংয়ে প্রথম বলেই আউট, বোলিংয়ে ৪ ওভারে ১৮ রানে উইকেটশূন্য—বাংলাদেশের হয়ে খেলা দ্বিতীয় জাকিরের আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষ এক ম্যাচে।
আমিনুল ইসলাম জুনিয়র
ডানহাতি পেসার, ১৯৯৯
ঘরোয়া ক্রিকেটে ভোলা নামে পরিচিত আমিনুল একমাত্র ম্যাচটি খেলেছেন মেরিল ইন্টারন্যাশনাল কাপে কেনিয়ার বিপক্ষে। ব্যাটিংয়ে অপরাজিত ১ রান, বোলিংয়ে ৫ ওভারে ৩৩ রান দিয়ে কেনেডি ওটিয়ানোর উইকেট। এরপর আর সুযোগ মেলেনি আমিনুলের।
মাহবুবুর রহমান
ডানহাতি ব্যাটসম্যান, ১৯৯৯
ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ সৈনিক মাহবুব বিশ্বকাপের আগে মেরিল ইন্টারন্যাশনাল কাপেই প্রথম ও একমাত্র আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন। সেলিম নামেই বেশি পরিচিত এই ব্যাটসম্যান জিম্বাবুয়ের বিপক্ষে ৮ বলে করেন ৩ রান।
আহমেদ কামাল
ডানহাতি পেসার, ১৯৯৯
কোচ এডি বার্লোর অন্যতম প্রিয় খেলোয়াড় কামাল সুযোগটা পেয়েছিলেন ভুল সময়ে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা সেঞ্চুরি করেন মাত্র ৪৫ বলে। কর্নেল নামে পরিচিত কামাল ৫ ওভারে ৩৯ রান দিয়ে পেয়েছিলেন শেরউইন ক্যাম্পবেলের উইকেট।
বিকাশ রঞ্জন দাস
বাঁহাতি পেসার, ২০০০
বাংলাদেশের অভিষেক টেস্টটাই হয়ে আছে বিকাশের একমাত্র আন্তর্জাতিক ম্যাচ। ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ১৯ ওভারে ৬৪ রান দিয়ে ১ উইকেট নেওয়া বিকাশ দ্বিতীয় ইনিংসে ৩ ওভারে দেন ৮ রান। ব্যাটিংয়ে ২ রান করা বিকাশ আর সুযোগ পাননি।
মাজহারুল হক
ডানহাতি ব্যাটসম্যান, ২০০২
অকালপ্রয়াত এই ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন ২০০২ চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১৮ বলে ৩ রান করে গিলেস্পির বলে উইকেটের পেছনে গিলক্রিস্টের ক্যাচ হন মাজহারুল। বোলিংয়ে ৪ বল করে ৪ রান দিয়েছিলেন ২০১৩ সালে ৩২ বছর বয়সে মারা যাওয়া এই ক্রিকেটার।
জামালউদ্দিন আহমেদ
অলরাউন্ডার, ২০০৩
ঘরোয়া প্রথম শ্রেণির ক্যারিয়ারটা যথেষ্টই ঝলমলে ছিল জামালউদ্দিনের। ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মানজারুল রানা ও নাফিস ইকবালের সঙ্গে অভিষেক তাঁর। একমাত্র ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ১৮ রান করলেও বোলিংয়ে ৪ ওভারে ২৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন জামাল।
নাজমুস সাদাত
বাঁহাতি ব্যাটসম্যান, ২০০৬
ঘরোয়া ক্রিকেট ও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভালো খেলেই ২০০৬ সালে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ পেয়েছিলেন এই ওপেনার। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশ সহজে জিতলেও ৩ বলে ৪ রান করেছিলেন নাজমুস।