১ রান = ৮ লাখ রুপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের আইপিএলে এমন মুহূর্ত খুব কমই এসেছে যুবরাজের। ছবি: বিসিসিআই
এবারের আইপিএলে এমন মুহূর্ত খুব কমই এসেছে যুবরাজের। ছবি: বিসিসিআই

জাতীয় দলে ব্রাত্য। দলে ফেরার সুযোগও সামান্যই। অনেককে চমকে দিয়ে সেই যুবরাজ সিং গত আইপিএলের নিলামে বিক্রি হয়েছেন ১৬ কোটি রুপিতে। সেই যুবরাজ এবারের আইপিএলে ১২ ম্যাচে মাত্র ২০৫ রান করেছেন। অর্থাৎ​ এখন পর্যন্ত একেকটা রানের জন্য যুবরাজ আয় করেছেন ৭ লাখ ৮০ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রতিটা রানের জন্য যুবরাজের আয় প্রায় সাড়ে নয় লাখ টাকা!
এবারের নিলামে যুবরাজ নিজেই নিজের রেকর্ড ভেঙে দেন। আগের বছর ১৪ কোটি রুপিতে তাঁকে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ক্যানসার জয় করে ক্রিকেটে ফেরা যুবরাজকে নিয়ে এবারও যে আগ্রহ ছিল তুঙ্গে, সেটার প্রমাণ নিলামে দেখা গেছে। এবার তাঁকে কিনে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। কিন্তু ২০১১ বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ফর্মের সঙ্গে লড়াই করছেন অনেক দিন ধরেই। কখনো জ্বলে ওঠেন, কখনো আবার একেবারেই নিষ্প্রভ।
এবারের আইপিএলেও তা-ই। সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া খেলোয়াড়টি রান সংগ্রহের তালিকায় এবারের আসরে আছেন ২৯ নম্বরে! গড় ১৮.৬৩। প্রথম আন্তর্জাতিক ম্যাচেই দুদ্দাড় পিটিয়ে আলোচনায় আসা যুবরাজ ১২ ম্যাচ মিলিয়ে এবার ছক্কা মেরেছেন ৮টি! এ যেন ক্যারিয়ারের বিদায় বেলার কথাই বলছে।
কিন্তু প্রশ্ন অন্যখানে। যুবরাজের পেছনে দিল্লি গুচ্ছের টাকা ঢালল কোন যুক্তিতে? দিল্লির প্রধান নির্বাহী দুয়াকেও এ নিয়ে মুখ খুলতে হলো। তাঁর যুক্তি, ‘১৪ বা ১৬ কোটি নিয়ে আমরা যে কথা বলছি, সেটা আসলে ঠিক করে দিয়েছে বাজার। যুবরাজ ঠিকই বলেছে, ও নিজে তো এত দাম চায়নি। কিন্তু বাজারের চাহিদাই ঠিক করে দিয়েছে ওর দাম কত হবে।’
নিলামের পরিস্থিতির কারণেই যুবরাজের দাম এত বেশি উঠেছিল বলেও ইঙ্গিত আছে দুয়ার কথায়, ‘দাম হিসেবে ১৬ কোটি রুপি কি আমরা খুশি মনে মনে নিয়েছি? ফ্র্যাঞ্চাইজি হিসেবে তো অবশ্যই না। আমরা তো অবশ্যই চাইতাম যদি আরও কম দামে পাওয়া যেত। কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বীরাও ছিল। তারাই দাম বাড়িয়েছে। ফলে যেমনটা বলেছি, দামটা ঠিক হয়েছে বাজারের চাহিদা অনুযায়ীই।’
আর মাত্র দুটো ম্যাচ বাকি আছে দিল্লির। শেষ দিক থেকে দুইয়ে থাকা দিল্লির টুর্নামেন্ট শেষ হয়ে গেছে আগেই। তাই দুয়া যে বলছেন ‘যুবরাজকে আমরা সমর্থন দিয়ে যাব’, সেটিকে নেহাতই ভদ্রতা বলে মনে হচ্ছে। বরং তাঁর পরবর্তী কথায় এমনও ইঙ্গিত আছে, যুবরাজের পাশাপাশি আরেক ‘বুড়ো’ জহির খানকেও এবার ছেড়ে দেবে দিল্লি। ন্যাড়া বেল তলায় একবারই তো যায়!