১,১০,০০০ ডলারে গেইলের দলে সাকিব
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসানের দল পাওয়াটা অনুমিতই ছিল। কত দামে কোন দল নেয় তাঁকে, দেখার ছিল এটাই। পরশু সিপিএলের খেলোয়াড় ড্রাফট থেকে ১ লাখ ১০ হাজার ডলারে বাংলাদেশের অলরাউন্ডারকে দলে টেনেছে জ্যামাইকা তালাওয়াস।
২০১৩ সালে সিপিএলের প্রথম আসরে সাকিব খেলেছিলেন বারবাডোজের ট্রাইডেন্টসের হয়ে। তবে এবার ধারণা করা হচ্ছিল, কলকাতার নাইট সাকিবকে হয়তো দেখা যাবে শাহরুখ খানেরই সিপিএলের দল ত্রিনবাগো নাইট রাইডার্সে। তবে ত্রিনবাগো নয়, আগামী জুনে শুরু সিপিএলের চতুর্থ আসরে সাকিব খেলবেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে। ড্রাফটে সাকিব ছাড়াও ছিলেন বাংলাদেশের আরও ছয় ক্রিকেটার—মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান। কিন্তু তাঁদের কেউই কোনো দল পাননি।
জ্যামাইকার দলটিতে সাকিব তৃতীয় সর্বোচ্চ মূল্যমানের খেলোয়াড়। প্রথম ধাপের খেলোয়াড়েরা পেয়েছেন ১ লাখ ৬০, দ্বিতীয় ধাপে ১ লাখ ৩০ হাজার ডলার।
জ্যামাইকা তালাওয়াসে আছেন ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল, লাসিথ মালিঙ্গাও। বিপিএল কিংবা পাকিস্তান সুপার লিগে অনেক বড় তারকা না খেললেও সিপিএলে আছেন এবি ডি ভিলিয়ার্স, ব্রেন্ডন ম্যাককালাম, ডেভিড মিলাররা। সূত্র: সিপিএল টি-টোয়েন্টি।