১০ জনের পাঁচজনই চাকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়া প্রতিবেদক সর্বশেষ প্রিমিয়ার লিগে ১০ বোলারের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছিল। বিসিবির পরীক্ষায় এর মধ্যে পাঁচ বোলারের অ্যাকশনই সব ডেলিভারিতে অবৈধ প্রমাণিত হয়েছে। তবে তাঁরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত বোলিং করতে পারবেন। এরপরও বোলিং করতে হলে অ্যাকশন শুধরে নিতে হবে তার আগেই। বিসিবির বোলিং অ্যাকশন রিভিউর কাছে পুনঃপরীক্ষা দিয়ে ছাড়পত্র নিতে হবে শুদ্ধ অ্যাকশনের।
গত ২০, ২১ ও ২৪ জুলাই মিরপুরের ইনডোরে প্রশ্নবিদ্ধ অ্যাকশনের বোলারদের পরীক্ষা নেয় বোলিং অ্যাকশন রিভিউ কমিটি। ছয়টি ক্যামেরার সামনে তাঁদের সব রকম ডেলিভারিতে বল করতে বলা হয়। সেই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেই চূড়ান্তভাবে ‘চাকার’ ধরেছে রিভিউ কমিটি। যে পাঁচজনের সব ডেলিভারিই অবৈধ প্রমাণিত হয়েছে তাঁরা হলেন ফয়সাল হোসেন, মোহাম্মদ শরীফুল্লাহ, আসিফ আহমেদ, অমিতাভ কুমার ও মুস্তাফিজুর রহমান (স্পিনার)। আর সব ডেলিভারিতেই অ্যাকশন বৈধ প্রমাণিত হয়েছে মঈনুল ইসলাম, নাঈম ইসলাম জুনিয়র ও সনজিৎ সাহার।
অন্য দুই বোলার রেজাউল করিমের আর্ম বল ও সাইফুদ্দিন আহমেদের স্লোয়ার বল ছাড়া অন্য ডেলিভারিগুলোয় অ্যাকশন ঠিক থাকে বলে জানিয়েছে বোলিং অ্যাকশন রিভিউ কমিটি। তাঁরা এই দুই ধরনের ডেলিভারি ছাড়া অন্য ডেলিভারিতে বল করতে পারবেন।