১০ দলেই সায় শ্রীনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এন শ্রীনিবাসন
এন শ্রীনিবাসন

২০১৫-এর পালা শেষ। এবার ২০১৯। ১০ দলের বিশ্বকাপ চূড়ান্ত, শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তি, উইলিয়াম পোর্টারফিল্ডের মতো কোনো সহযোগী দেশের অধিনায়ক যতই এর বিরোধিতা করুন, আইসিসি অনড়। আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসনও স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাফাই গাইলেন এ সিদ্ধান্তের পক্ষে, ‘পরবর্তী বিশ্বকাপের দিকে তাকালে দেখবেন, শীর্ষ ৮ দল খেলবে। সঙ্গে নবম ও দশম স্থানের জন্য ৬টি সহযোগী দেশ লড়াই করবে। সহযোগীদের বিশ্বকাপে খেলার ভালোই সুযোগ থাকবে। সহযোগীদের সাফল্য তো আইসিসির উন্নয়ন কর্মসূচির কারণেই।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড শ্রীনিবাসনের সঙ্গে সুর মিলিয়ে বলেছেন ১০ দলের বিশ্বকাপই বেশি ‘রোমাঞ্চকর’, ‘আমি সব সময় একটা আঁটসাঁট টুর্নামেন্টের পক্ষে। দিবারাত্রির টেস্টের সঙ্গে দর্শকেরা এটিই চায়। একসময় ভাবতাম, এ কারণে বোধ হয় টুর্নামেন্টটা আইসিসির পূর্ণ সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়বে। তবে আমরা দুটোই চালাতে পারি। সংক্ষিপ্ত ও আঁটসাঁট বিশ্বকাপ করে জনগণকে সম্পৃক্ত ও রোমাঞ্চিত করতে পারি। আর সহযোগীরা প্রাক-কাপ প্রতিযোগিতার মধ্য দিয়ে আসতে পারে।’ তবে টেন্ডুলকার আইসিসির এমন পদক্ষেপকে ‘পেছনে হাঁটা’ বলেছেন, আর পোর্টারফিল্ড তো শ্রীনিবাসনকে উদ্দেশ করেই টুইট করেছেন, ‘ব্যবসায়ী শ্রীনিবাসনের মতে ১০ দলেরই বিশ্বকাপ হওয়া উচিত। টেন্ডুলকার, দ্রাবিড়, জয়াবর্ধনের মতো কিংবদন্তিদের কথাই আমি সমর্থন করব।’ আরেক টুইটে বলেছেন, ‘খেলাটির প্রসারে সমর্থন করেন এমন কিংবদন্তির তালিকা দীর্ঘ হচ্ছে। আইসিসি কেন শুনবে না?’ এনডিটিভি, এসএমএইচ।