১০ বছরের হিসাব মিলিয়ে কী পাচ্ছেন শফিউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>আর চার মাস গেলে ক্যারিয়ারের ১০ বছর পূর্ণ হবে শফিউল ইসলামের। যতটা সম্ভাবনা ছিল, তার পুরোটাই কি অনূদিত করতে পেরেছে এই পেসার?
ক্যারিয়ারের শুরুর ঝলকটা মাঝে মধ্যেই হারিয়ে ফেলেছেন শফিউল। ফাইল ছবি
ক্যারিয়ারের শুরুর ঝলকটা মাঝে মধ্যেই হারিয়ে ফেলেছেন শফিউল। ফাইল ছবি

আর কয়েক মাস গেলেই এক দশকে পা দেবে শফিউল ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ার। শফিউলের নিজেরও হয়তো বিশ্বাস হচ্ছে না। এত বেলা কীভাবে কেটে গেল! প্রথম তিন বছর মোটামুটি নিয়মিত ছিলেন। এরপর থেকে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন বিরতি দিয়ে। কখনো চোটে ছিটকে পড়েছেন, কখনো টিম কম্বিনেশনে আসেননি। এখন তো নিয়মিত পেসারদের কেউ চোটে না পড়লে তাঁর কথা মনেও থাকে না কারও। উদাহরণ হাতের কাছেই। গত শ্রীলঙ্কা সিরিজের আগে মাশরাফি বিন মুর্তজা চোটে পড়েন। বদলি হিসেবে প্রথমে তাসকিন আহমেদকে নেওয়া হলেও শেষ মুহূর্তে উড়িয়ে নেওয়া হয় শফিউলকে। তিন ম্যাচ খেলে নেন ৬ উইকেট। এরপরই তিনি আবার পাদপ্রদীপের আলোয়। অথচ এই সিরিজে শফিউল ওয়ানডে খেলতে নেমেছিলেন ৩ বছর পর!

কিছুদিন পরপর হুট করে শফিউলের আবির্ভাবের সঙ্গে বেশ কিছু পুরোনো কৌতূহলও আবির্ভূত হয়। এমন লিকলিকে শরীর নিয়ে কীভাবে পেস বোলিং করেন তিনি? টিভি সেটের সামনে শফিউলের সুন্দর রানআপ দেখলে অবাক হয়ে অনেকেই এ প্রশ্ন করেন। আবার খানিকবাদেই ফুল লেন্থ থেকে আউট সুইং করে বের হওয়া চোখজুড়ানো বল দেখলে মনে প্রশ্ন জাগে, এই ছেলেটা নিয়মিত খেলে না কেন!

প্রশ্নটা হয়তো শফিউল নিজেও নিজেকে করেন। নতুন বলের দক্ষতার বিচারে তরুণদের থেকে এগিয়ে থাকবেন তিনি। বিশ্বকাপে নতুন বলে উইকেটের জন্য হাহাকার করা বাংলাদেশ দল শ্রীলঙ্কা সিরিজে সেই সমস্যার সমাধান কিছুটা হলেও খুঁজে পেয়েছে শফিউলের মধ্যে।

 

ম্যাচ

উই.

সেরা

গড়

ইকো.

৪/৫

টেস্ট

১১

১৭

৩/৮৬

৫৫.৪১

৩.২৫

০/০

ওয়ানডে

৫৯

৬৯

৪/২১

৩৫.৫৫

৫.৯২

৪/০

টি-টোয়েন্টি*

১২

৮

২/১৯

৩৮.৫০

৭.৯৬

০/০

ফার্স্ট ক্লাস

৫৭

১৪২

৬/৩৯

৩০.৯৭

৩.১৮

৪/৩

লিস্ট এ

১২৮

১৭৩

৫/৩২

৩১.৩৬

৫.৬৪

৬/১

টি-টোয়েন্টি

৮৫

৮৯

৫/২৬

২৪.৪৯

৮.০৮

২/১

কিন্তু ফেলে আসা অতীতটাকে তো আর ফেরানো যাবে না! শফিউলের কথায় আক্ষেপ, ‘৯ বছরেরও বেশ সময় ধরে আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। নিজের ওপর আমি খুশি না। জাতীয় দলে আসার পর তিন বছর নিয়মিত খেলেছি। মাঝখানে হয়তো চোট বা অন্যান্য কারণে খেলতে পারিনি। হয়তো ডাক পাওয়ার পর ইনজুরিতে পড়েছি, এটাকে দুর্ভাগ্যই বলব।’

আগামী ৬ অক্টোবর ৩০–এ পা দেবেন। বয়সের সঙ্গে সঙ্গে গতিও কমে আসছে। তবে নতুন বলের প্রাণ সুইংটা এখনো আছে। এই জায়গায় বাংলাদেশে অদ্বিতীয় মাশরাফি বিন মুর্তজা। কিন্তু তিনিও তো ক্যারিয়ারের সায়াহ্নে! শফিউলের শক্তির জায়গাটা এখন তাই বাংলাদেশের আরও বেশি দরকার। আর শফিউলের দরকার একটু সুযোগ, ‘এখনো আমার ক্যারিয়ার শেষ হয়নি। সুযোগ পেলে একটা লক্ষ্য নিয়ে এগোতে পারব।’

অনুশীলনে বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টের সঙ্গে কয়েক দিন ধরে কাজ করছেন শফিউল। নতুন কোচ তাঁর প্রথম সংবাদ সম্মেলনেই জানিয়ে দিয়েছে, পেসারদের সুইং থাকতে হবে। বলে সুইং না থাকলে সেটা রপ্ত করতে হবে। সঙ্গে যোগ করতে হবে লাইন-লেন্থের নিয়ন্ত্রণ। কোচের চাওয়া অনুযায়ী প্রথম শর্তে টিক চিহ্ন পাচ্ছেন শফিউল। এখন আঁটসাঁট বোলিংয়েও হাত পাকাতে চান তিনি, ‘আমি বোলিংটা আরও নিখুঁত করার চেষ্টা করছি। যদি এলোমেলো বল হয় তাহলে তো সুইং করিয়ে লাভ নেই। সে জন্যই এক জায়গায় বারবার বল করার চেষ্টা করতে হবে।’

নিখুঁত লাইন–লেংথের কথা বললেও বাংলাদেশ দলে মাশরাফির আশপাশে কেউ নেই। মাশরাফির পর অভিজ্ঞ পেসারদের ছোট তালিকায় থাকবেন শফিউল। তিনি নিশ্চয়ই চাইবেন এই জায়গাতেও মাশরাফির আসন্ন অভাবটা পূরণ করতে। কে জানে, হয়তো শফিউলের ক্যারিয়ারের রঙিন অধ্যায়টাই এখনো দেখার বাকি!