১০ বলে ফিফটি করো - এবি ও গেইলকে যুবির চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল যুবরাজের ১২ বলের রেকর্ডটি তো ছুঁলেন গেইল, এবার নতুন চ্যালেঞ্জও পেয়ে গেলেন ১০ বলে ফিফটি। ক্রিকেট অস্ট্রেলিয়া
কাল যুবরাজের ১২ বলের রেকর্ডটি তো ছুঁলেন গেইল, এবার নতুন চ্যালেঞ্জও পেয়ে গেলেন ১০ বলে ফিফটি। ক্রিকেট অস্ট্রেলিয়া

রেকর্ডটি এভাবে অন্যের হয়ে যাওয়ায় ঈর্ষায় পোড়ার কথা যুবরাজ সিংয়ের। যক্ষের ধনের মতো আট বছর আগলে রেখেছিলেন যে রেকর্ড, সেটি কিনা এখন ভাগাভাগি করতে হবে ক্রিস গেইলের সঙ্গে! অবশ্য যুবরাজের রেকর্ডটি আন্তর্জাতিক ক্রিকেটে, গেইলেরটি ঘরোয়া টি-টোয়েন্টিতে। কিন্তু রেকর্ডটা ভাগাভাগি করতে হতো হচ্ছেই।

এ সময়ের দুই সবচেয়ে বিস্ফোরক ব্যাটসম্যানকে যুবরাজ এবার নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। এবি ডি ভিলিয়ার্স আর গেইলকে বললেন, পারলে ১০ বলে ফিফটি করো দেখি!
প্রথম সেঞ্চুরি, সবচেয়ে বেশি সেঞ্চুরি, সর্বোচ্চ ইনিংস, দ্রুততম সেঞ্চুরি, সবচেয়ে বেশি ছক্কা—টি টোয়েন্টি ব্যাটিংয়ের সব রেকর্ডই গেইলের দখলে। একমাত্র দ্রুততম ফিফটির রেকর্ডটাই কেবল যুবরাজের ছিল। সেটিও নিজের কবজায় নিলেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার। গতকাল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ১২ বলে ফিফটি করেছেন এই বিস্ফোরক ব্যাটসম্যান। এর আগে কেবল যুবরাজেরই ছিল ১২ বলে ফিফটির রেকর্ড। ২০০৭ সালে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এক ওভারের ছয় ছক্কার সেই ইনিংসেই রেকর্ডটি করেছিলেন যুবি।
রেকর্ডটি ভাগাভাগি করার ‘দুঃখ’টা মজা করেই কাটাতে চাইলেন যুবরাজ। গেইলকে একটু খোঁচাও দিলেন টুইট করে, ‘গেইল ১২ বলে ফিফটি করেছে, কিন্তু আমি এতে হতাশ। পারলে পরেরবার দশ বলে করো, তুমি কিংবা এবি ডি ভিলিয়ার্স, যে পারো, করে দেখাও।’
মজা করেই বলা হোক কিংবা ঈর্ষা থেকে—১০ বলে ফিফটি করার মতো প্রায় অসম্ভব কাজটি যদি কেউ করতে পারে, তবে সেটা যে গেইল কিংবা ডি ভিলিয়ার্সই হবে এটা প্রায় নিশ্চিত! যুবরাজ তা জানেন বলেই তো চ্যালেঞ্জটা ছুড়লেন তাঁদের দিকে। সূত্র: টুইটার।