১০ মাস আগে কোহলির বলা কথার সঙ্গে মিল পাচ্ছেন না পন্টিং
খবরটা শুনে স্তব্ধই হয়ে গিয়েছিলেন রিকি পন্টিং। এমন তো হওয়ার ছিল না! গত মার্চ-এপ্রিলেই বিরাট কোহলির সঙ্গে তাঁর কথা হয়েছিল। টেস্ট অধিনায়কত্ব নিয়ে কত গর্ব করলেন। দায়িত্বটা দারুণ উপভোগ করছেন বলেও জানান। কত পরিকল্পনা, কত স্বপ্ন! সেই কোহলি কয়েক মাসের ব্যবধানে টেস্টের অধিনায়কত্ব ছেড়ে দিলেন!
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও বর্তমানে আইপিএল দল দিল্লি ক্যাপিটালসের কোচ পন্টিংয়ের বিস্ময়ের ঘোর যেন কাটছেই না, ‘আমি সত্যিই অবাক হয়েছি ওকে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিতে দেখে। গত মার্চ-এপ্রিলে কোহলির সঙ্গে আমার কথা হয়। সেখানে সে টেস্ট অধিনায়কত্ব উপভোগ করছে বলেই জানিয়েছিল। বলেছিল, ভারতকে টেস্টে নেতৃত্বে দেওয়াটা তার জন্য গর্বের। সে টেস্টে অধিনায়কত্ব দেওয়ার ব্যাপারে ছিল মরিয়া ও আবেগপ্রবণ।’
কোহলির টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়াটা কেন বিস্ময়কর, সেটির ব্যাখ্যাও দিয়েছেন পন্টিং, ‘আমি তো মনে করি কোহলি নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়েই ভারতকে টেস্টে নেতৃত্ব দিয়েছে। তাকে এক ঘণ্টা দেখলেই বোঝা যায়, সে কতটা মরিয়া, কতটা আবেগপ্রবণ। সে টেস্ট সাত বছর ধরে খুব ভালোভাবেই অধিনায়কত্বের চাপ সামলেছে। ভারতকে অনেক সাফল্যে এনে দিয়েছে। ওর অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার খবরে আমি স্তব্ধই হয়ে গিয়েছিলাম।’
বিস্মিত হয়েও পন্টিংয়ের ধারণা ভেবেচিন্তেই কোহলি এ সিদ্ধান্ত নিয়েছেন, ‘আমি নিশ্চিত কোহলি এই সিদ্ধান্ত ভেবেচিন্তেই নিয়েছে। সে সাত বছর ভারতের অধিনায়ক ছিল। ক্রিকেটে অধিনায়কত্ব করা যদি কোনো দেশে কঠিন হয়, সেটি ভারতে। এই দেশের মানুষ সব সময়ই তাদের জাতীয় দলকে বিজয়ী দেখতে চায়। কোহলি যেভাবে টেস্টের গুরুত্বকে সবার সামনে তুলে ধরতে পেরেছে, সে কারণেই কোহলিকে কৃতিত্ব দিতেই হবে।’
কোহলির হাত থেকে গত নভেম্বরে টি-টোয়েন্টি সংস্করণের নেতৃত্ব নিয়েছিলেন রোহিত শর্মা। ডিসেম্বরে অনেক বিতর্কের মধ্যেই পেয়ে গেছেন ওয়ানডে অধিনায়কত্ব। রোহিত শর্মাকে নিয়ে পন্টিং নিজেও যথেষ্ট উচ্ছ্বসিত। আইপিএলে রোহিতের মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হওয়ার পেছনে নিজের কিছুটা ভূমিকা আছে বলেও গর্ব করে জানিয়েছেন পন্টিং, ‘২০১৩ সালে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আমি খেলতে যাই। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমার চুক্তি হয় অধিনায়কত্ব নিয়েই। কিন্তু আইপিএলের শুরুতে কয়েক ম্যাচ খারাপ খেলার পর আমি নিজে থেকেই সরে দাঁড়াই। ওই সময় কর্তৃপক্ষ আমার কাছে জানতে চায় নতুন অধিনায়ক হিসেবে কাকে নেওয়া যায়! আমি নির্দ্বিধায় রোহিতের কথা বলি।’