‘১০–এ ১’ বাংলাদেশে নিউজিল্যান্ডের বাড়তি প্রেরণা
২০১০ সালে বাংলাদেশেই অভিষেক হয়েছিল হামিশ বেনেটের। ক্যারিয়ারে বাংলাদেশ সফরের সে সিরিজে দুটি ম্যাচের পর দেশের বাইরে আর একটিই ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ড পেসার, সে বছরই আহমেদাবাদে ভারতের বিপক্ষে একটি টেস্টে।
২০১০ সালে সে সিরিজে বাংলাদেশের কাছে ৪-০ ব্যবধানে হেরেছিল নিউজিল্যান্ড। বেনেটের তাই বাংলাদেশে খেলার সুখস্মৃতি খুব একটা নেই। সর্বশেষ ২০১৩ সালে বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসেছিল নিউজিল্যান্ড, সে সফরে জিতেছিল শুধু একটা টি-টোয়েন্টি।
বেনেট বলছেন, বাংলাদেশে নিউজিল্যান্ডের সাফল্য-খরা বাড়তি প্রেরণা জোগাবে। এখানে সর্বশেষ ১০টি ম্যাচের মাত্র একটিতেই যে জিতেছে নিউজিল্যান্ড!
প্রায় আট বছর পর বাংলাদেশ সফরে এলেও নিউজিল্যান্ড দ্বিপক্ষীয় সিরিজে এর মাঝে বাংলাদেশের সঙ্গে নিয়মিতই খেলেছে। সর্বশেষ এ বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ। তবে সেখানে এখন পর্যন্ত কোনো ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের। বেনেট জানেন, নিউজিল্যান্ডে বাংলাদেশের বিপক্ষে যেমন ঘরের মাঠের কন্ডিশনের সুবিধা পান তাঁরা, এখানে বাংলাদেশও সেভাবে কন্ডিশনের সুবিধা আদায় করতে চাইবে। বেনেট বলছেন, তাঁরা প্রস্তুত।
২০১১ বিশ্বকাপের কিছুদিন আগে বাংলাদেশে এসেছিল নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল, বাকি চারটিতেই হেরেছিল কিউইরা। বেনেট মনে রেখেছেন সে সময়ের বাংলাদেশের আবহাওয়া, ‘আমার মনে আছে, খুবই গরম ছিল। ২০১১ বিশ্বকাপের আগে ছিল, আমার মনে হয় আমাদের পারফরম্যান্স সাদামাটাই ছিল। কয়েকটা ম্যাচ খুব কাছে গিয়েও হেরেছিলাম।’
নিউজিল্যান্ড এবার বাংলাদেশে এসেছে দ্বিতীয় সারির দল নিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের কেউই নেই এই নিউজিল্যান্ড দলে। তবে বেনেট বলছেন, এই দলই বাংলাদেশে নিউজিল্যান্ডের জয়খরা কাটানোর প্রেরণা নিয়ে খেলবে, ‘আমরা দেশের হয়ে খেলতে এসেছি। আগেও বাংলাদেশে এসেছি আমি, ৪-০ ব্যবধানে হেরেছিলাম সেবার। এখানে খুব বেশি সাফল্য পাইনি আমরা। ফলে এটা আমাদের জন্য বড় একটা অনুপ্রেরণা। অস্ট্রেলিয়ার মতো শীর্ষ পর্যায়ের দল বাংলাদেশে যেভাবে ভুগছে, এরপর আমরা দেশে ফিরে বলতে চাই, বাংলাদেশে সিরিজ জিতে এসেছি।’
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ দেখে বাংলাদেশের উইকেটগুলো সম্পর্কে ভালোই ধারণা নিয়ে এসেছে নিউজিল্যান্ড। বাংলাদেশে আসার আগে লিংকনের বিধ্বস্ত উইকেটে বাড়তি প্রস্তুতি নিয়েছে তারা। অস্ট্রেলিয়া সিরিজ নিউজিল্যান্ডকে সহায়তা করবে বলেই ধারণা বেনেটের, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচগুলো দেখতে ভালোই লেগেছে। আমার ধারণা, এবারও সে রকমই হবে। বাংলাদেশ আমাদের বিপক্ষে কেমন খেলবে, অস্ট্রেলিয়া সিরিজে সেটার একটা ধারণা পেয়েছি আমরা। আমরা এটার জন্য তাই কৃতজ্ঞ। তবে শুধু ধারণা থাকা এক ব্যাপার, আর এ কন্ডিশনে খেলা আরেকটা ব্যাপার। চার-পাঁচ দিন সময় আছে অনুশীলনের, এমন উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার।’
বিরুদ্ধ কন্ডিশনে খেলার জন্যও উন্মুখ নিউজিল্যান্ড, ‘বাংলাদেশ যখনই নিউজিল্যান্ডে আসে, আমরা এমন উইকেট বানাই, যেখানে বাউন্স ও গতি আছে, যাতে তারা অস্বস্তিতে থাকে। আমরা যখন এখানে এসেছি, তারা এমন উইকেট বানাবে যেখানে বাঁক থাকবে, যাতে আমরা অস্বস্তিতে থাকি। ব্যাপারটা দারুণ লাগে আমার কাছে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সব ম্যাচই হয়েছে কম রানের। বেনেটের মতে, বোলারদের জন্য এমন উইকেট দারুণ ব্যাপারই, ‘অস্ট্রেলিয়া সিরিজ দেখে মনে হয়েছে, ১২০ রানের ম্যাচ হলে ব্যাটসম্যানরা অনুযোগ করবেই। তবে বোলারদের পরিসংখ্যানের জন্য তো ব্যাপারটা দারুণ। বাংলাদেশ নিউজিল্যান্ড গিয়ে সবুজ ও বাউন্সি উইকেটে খেলে। এখানে তাদের পক্ষে যাবে, এমন উইকেটই প্রত্যাশা করছি আমরা। (তবে) এ চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি।’
প্রায় তিন বছর বিরতির পর ২০২০ সালে জাতীয় দলে ফিরেছেন বেনেট। কিন্তু বাংলাদেশ সফরই করোনাভাইরাসের সময়ে তাঁর প্রথম বিদেশ সফর। বাংলাদেশে এসে বিসিবির আতিথেয়তায় মুগ্ধই হয়েছেন এই পেসার। গতকাল ঢাকা এসে পৌঁছানোর পর তিন দিনের আইসোলেশনে আছে কিউইরা। আপাতত হোটেল রুমে ডব্লুডব্লুই, সিনেমা দেখে সময় কাটছে বেনেটের। পরিকল্পনা আছে আজ শুরু ইংল্যান্ড-ভারতের হেডিংলি টেস্ট দেখার।
নিউজিল্যান্ড অবশ্য শুনেছে একটা দুঃসংবাদও। আগেই ঢাকায় আসা ব্যাটসম্যান ফিন অ্যালেন করোনা পজিটিভ হয়েছেন। অ্যালেন বেশ কিছুদিন পর সতীর্থদের সঙ্গে সময় কাটানোর জন্য মুখিয়ে ছিলেন বলে জানিয়েছেন বেনেট। তবে আপাতত হোটেলের আরেক প্রান্তে নিজ রুমে বন্দী জীবন কাটছে অ্যালেনের। বেনেটের আশা, সিরিজে অন্তত কয়েকটা ম্যাচ খেলতে পারবেন অ্যালেন।
অ্যালেনকে শিগগির দেখতে না পেলেও স্কোয়াডে বাকিদের নিয়ে বেশ রোমাঞ্চিতই বেনেটে। নিজে নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেয়ে হতাশ, তবে সে হতাশা এক পাশে কাটিয়ে ভালো করার চ্যালেঞ্জটা নিতে চান। বেন সিয়ার্সের মতো পেসারের কথাও বললেন আলাদা করে, ‘আমি আশা করি, সে প্রচুর গতিতে বোলিং করবে। কন্ডিশনটা এ ক্ষেত্রে আদর্শ নয়। তবে আক্রমণাত্মক হওয়া গেলে, বদলি বোলার হিসেবে ভালো করা সম্ভব। আমার যেখানে অভিষেক, সেখানে প্রথম ম্যাচ খেলতে পেরে খুশিই হবে সে।’