১০০ কোটি মানুষ দেখেছে কোহলি-স্মিথদের লড়াই

ব্যাটে বলে উত্তাপ ছড়িয়েছে বেশ ভালোভাবেই। মুখের লড়াই ছাড়িয়ে গেছে মাঠের লড়াইকেও। প্রায় দেড় মাস ক্রিকেট দুনিয়ার মনোযোগটা ছিল ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ঘিরে। সেটা বোঝা যাচ্ছে সিরিজ শেষেও। সিরিজ সম্প্রচারের দায়িত্বে থাকা স্টার স্পোর্টস জানাচ্ছে, ১১০ কোটিরও বেশি মানুষ টিভি পর্দায় দেখেছে এ সিরিজ!
টি-টোয়েন্টির উত্থানে সাদা পোশাকের ক্রিকেটটা থেকে নাকি মানুষের মন উঠে যাচ্ছে! অন্তত বিশ্বের বিভিন্ন প্রান্তে টেস্ট ম্যাচের ফাঁকা গ্যালারিও এ মতের পক্ষেই সাক্ষ্য দিচ্ছে। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতি টেস্টেই গ্যালারিতে ভারতীয়দের ভিড় বুঝিয়ে দিয়েছিল, খেলা আকর্ষণীয় হলে দর্শকদের মাতামতি থাকবেই। টিভি পর্দার সামনেও ভিড় জমাবে মানুষ।
টেলিভিশনের সামনে ভিড় জমানো মানুষের সংখ্যাটাও আজ জানিয়েছে স্টার স্পোর্টস, ‘ভারত-অস্ট্রেলিয়া সিরিজ যেটার নাম দেওয়া হয়েছিল “টেস্ট অব দ্য বেস্টস’’, প্রত্যাশিত সাফল্য এনে দিয়েছে। বার্কের (ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল) ইতিহাসে সর্বোচ্চ রেটিং প্রাপ্ত টেস্ট সিরিজ এটি।’
ভারতের টিভি রেটিং গবেষণা প্রতিষ্ঠান বার্ক জানিয়েছে, এ চার টেস্ট ১.১ বিলিয়ন বা ১১০ কোটি দর্শক উপভোগ করেছেন। এর মাঝে টান টান উত্তেজনায় মেশানো রাঁচি টেস্টটা ড্রতে শেষ হলেও, সিরিজের তৃতীয় এ ম্যাচ দেখেছেন ৩৮৩ মিলিয়ন বা ৩৮ কোটি ৩০ লাখ দর্শক!
অবশ্য ২০১৭ বছরটাই ভালো যাচ্ছে ভারতের জন্য। বছরের শুরুতেই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ওয়ানডের সিরিজটা ভেঙেছে গত পাঁচ বছরের টিভি রেটিংয়ের রেকর্ড। সূত্র: ডেকান ক্রনিকলস, পিটিআই।