১০০ কোটি রুপি গুছিয়ে রেখেছে পিসিবি
হুমকিটা অনেক দিন ধরেই দিয়ে আসছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে রাজি না হওয়ায় এবার সত্যি সত্যি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিআইসি) বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে পিসিবি। এ জন্য ১০০ কোটি রুপির তহবিলও গড়েছে পাকিস্তান।
পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ভারতের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা একটি ব্রিটিশ আইনি পরামর্শক প্রতিষ্ঠানের সাহায্য নিচ্ছি। বিসিসিআই বলেছে, ভারত সরকারের অনুমতি না পেলে তারা দ্বিপক্ষীয় সিরিজে অংশ নিতে পারবে না। এ জন্য ক্ষতিপূরণ চেয়ে মামলা করব আমরা।’ সেই মামলা চালানোর খরচ হিসেবেই ১০০ কোটি রুপির তহবিল গড়েছে পিসিবি।
পিসিবির দাবি, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে না পারায় বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। এ জন্য ইতিমধ্যেই প্রায় সাত কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে বিসিসিআইকে চিঠিও দিয়েছে পিসিবি। জি নিউজ।